C V Ananda Bose: পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস
Governor: তৃণমূল সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন সি ভি আনন্দ বোস। একাধিকবার তাঁকে সরানোর দাবি জানিয়েছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে একাধিক বড় অভিযোগও সামনে এসেছে। তবে ভোটের আগে এমন আচমকা পদত্যাগ করার সিদ্ধান্তের মধ্যে রহস্য খোঁজার চেষ্টা করছে তৃণমূল।

কলকাতা: ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সেই পদত্যাগ গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি। রাজভবনের তরফেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
২০২২-এর ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বোস। প্রায় ৪০ মাস ওই পদে দায়িত্ব সামলেছেন তিনি। পদে থাকাকালীন তৃণমূল সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন সি ভি আনন্দ বোস। একাধিকবার তাঁকে সরানোর দাবি জানিয়েছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে একাধিক বড় অভিযোগও সামনে এসেছে। তবে ভোটের আগে কেন এভাবে আকস্মিক পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, সেই কারণটা স্পষ্ট নয়।
আগামিকাল, শুক্রবার দার্জিলিং রাজভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সিভি আনন্দ বোসের একটি প্রদর্শনীর উদ্বোধন করার কথা ছিল। পরিকল্পনা ছিল, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে হাজির থাকবেন তিনি। বৃহস্পতিবারই বাগডোগরার বিমান ধরার কথা ছিল আনন্দ বোসের, কিন্তু তার আগেই দিল্লিতে ডেকে পাঠানো হয় বলে সূত্রের খবর। তারপরই সামনে এল এই পদত্যাগের খবর।
বোসের আগে বাংলার রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। সংঘাত তাঁর সঙ্গেও কম হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে দেশের উপরাষ্ট্রপতি পদে নিয়ে যাওয়া হয়। পরে আবার সেই পদ ছেড়ে যান ধনখড়, যা নিয়ে আজও নানারকম জল্পনা রয়েছে। বোসের ক্ষেত্রেও কি কোনও রহস্য আছে? প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী।
