Tamanna mother Seeks Justice: ‘আমিও অপেক্ষা করছি, নতুন মুখ্যমন্ত্রী আমাদের বিচারটাও দেখবেন’, ৩ IPS সাসপেন্ড হতেই বললেন তামান্নার মা

Tamanna’s Mother Hopes for Justice: এবার ভোটে কালীগঞ্জ থেকে সিপিআইএমের টিকিটে লড়েছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। জয় আসেনি। কিন্তু সুবিচারের আশায় এখনও পথ চেয়ে বসে তিনি। বলছেন, “আমিও অপেক্ষা করছি। আমাদের নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী অবশ্যই আমার বিচারটাও দেখবেন। আমি তিলোত্তমার মাকেও বলেছি দেখার জন্য, বিধানসভায় বলার জন্য।”

Tamanna mother Seeks Justice: ‘আমিও অপেক্ষা করছি, নতুন মুখ্যমন্ত্রী আমাদের বিচারটাও দেখবেন’, ৩ IPS সাসপেন্ড  হতেই বললেন তামান্নার মা
আর কী বলছেন তামান্নার মা? Image Credit source: TV 9 Bangla

May 15, 2026 | 5:42 PM

কলকাতা: বদলেছে সরকার। আর পালা বদলের পরেই ফের খুলে গেল আরজি কর ফাইল। সাসপেন্ড একের পর এক তিন হেভিওয়েট আইপিএস। খুশি তিলোত্তমার মা। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও তদন্তের আওতায় আছে। তাঁর সাফ কথা, “ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে সঙ্গে কাদের কাদের কথা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ ছিল কিনা সেটা দেখা হবে। সব বের করব।” এই আবহে এবার সুবিচারের আশায় বুক বাঁধছেন কালীগঞ্জের তামান্নার মা-ও। ইতিমধ্যেই আবার তিনি কথা বলেছেন তিলোত্তমার মায়ের সঙ্গে। 

এবার ভোটে কালীগঞ্জ থেকে সিপিআইএমের টিকিটে লড়েছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। জয় আসেনি। কিন্তু সুবিচারের আশায় এখনও পথ চেয়ে বসে তিনি। বলছেন, “আমিও অপেক্ষা করছি। আমাদের নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী অবশ্যই আমার বিচারটাও দেখবেন। আমি তিলোত্তমার মাকেও বলেছি দেখার জন্য, বিধানসভায় বলার জন্য। আশা করছি তামান্নার বিচারটাও হবে।” তাঁর স্পষ্ট দাবি, “আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে, সব প্রমাণ আছে। আমি চাই সরকার এটা দেখুক। তিলোত্তমার ফাইল যেমন খোলা হচ্ছে আমাদের ফাইলও খোলা হোক। তিনজন পুলিশ অফিসার যে সাসপেন্ড হয়েছে। ওনারা ঠিক ভেবেছেন, তাই সাসপেন্ড হয়েছেন। এটা দেখে আমিও আমার মেয়ের বিচার নিয়ে আশাবাদী।” 

প্রসঙ্গত, শেষ উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর বিজয় মিছিল থেকে বোমা কেড়ে নিয়েছিল ক্লাস ফোরের ফুটফুটে তামান্নার জীবন। অভিযোগ, তৃণমূলের ওই মিছিল থেকে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। এ ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। তিলোত্তমার মা-ও তামান্নার মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলছেন, “তামান্নার মা আমাকে ফোন করেছে। বলেছেন আপনি তো ক্ষমতায় এসেছেন, আমার মেয়ের বিচারটাও করবেন। আমি আশ্বাস দিয়ে বলেছি আগামীতে ওনার মেয়ের বিচারও করব। আমি তো করতে পারব না। আমাদের মুখ্যমন্ত্রীকে বলব যেন ওই ফাইলটাও তাড়াতাড়ি দেখা হয়।”  

Follow Us