Jadavpur Station: আমূল বদলে যাচ্ছে যাদবপুর স্টেশন, তৈরি হবে মিনি মার্ট, এক ছাদের তলাতেই মিলবে সব, বড় উদ্যোগ রেলের
Jadavpur Railway Station Mini Mart: দক্ষিণ শহরতলির অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল যাদবপুর। এই স্টেশনের লাগোয়া রেলের জমিতেই তৈরি হচ্ছে মিনি মার্ট। যাদবপুর এলাকাকে প্রাণবন্ত করার জন্য এই মার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিনি মার্টে ছোট ছোট দোকান করে দেওয়া হবে। দোকানের সর্বোচ্চ আয়তন হবে ৮০ বর্গফুট।

সায়ন্ত ভট্টাচার্য ও সুমন মহাপাত্রের রিপোর্ট
কলকাতা: যাদবপুর স্টেশনকে (Jadavpur Station) ঢেলে সাজানোর উদ্যোগ পূর্ব রেলের। স্টেশনে তৈরি হবে মিনি মার্ট (Mini Mart)। প্রায় তিন হাজার বর্গমিটার এলাকায় মিনি মার্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। এই মিনি মার্টে একই ছাদের তলায় নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে খাবার সবই পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের এই উদ্যোগের ফলে যেমন ছোট ব্যবসায়ীদের আয়ের পথ খুলবে, তেমনই উপকৃত হবেন যাত্রীরাও।
কী এই মিনি মার্ট?
দক্ষিণ শহরতলির অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল যাদবপুর। এই স্টেশনের লাগোয়া রেলের জমিতেই তৈরি হচ্ছে মিনি মার্ট। যাদবপুর এলাকাকে প্রাণবন্ত করার জন্য এই মার্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিনি মার্টে ছোট ছোট দোকান করে দেওয়া হবে। দোকানের সর্বোচ্চ আয়তন হবে ৮০ বর্গফুট। সর্বোচ্চ ২৫ শতাংশ জায়গাজুড়ে দোকান তৈরি করা হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান যেমন থাকছে, তেমনই খাবার দোকানও থাকবে মিনি মার্টে। প্রয়োজন মতো যাত্রীরা এই মিনি মার্ট থেকে কেনাকাটা করতে পারবেন।
পূর্ব রেল সূত্রে খবর, ছোট দোকানগুলির জন্য ৫০ শতাংশ জায়গা রাখা হচ্ছে। বড় খুচরো দোকানগুলির জন্য় ২৫ শতাংশ ও যাতায়াত ও সৌন্দর্যায়নের জন্য ২০-৩০ শতাংশ জায়গা রাখা হচ্ছে। এই মার্টে শুধু দোকান নয়। যাত্রীদের জন্য থাকবে বিশ্রামাগার, শৌচাগার ও পার্কিংয়ের ব্যবস্থা। পূর্ব রেল সূত্রে খবর, এই বিশ্রামাগার, পার্কিং, শৌচাগারের জন্য ৫ থেকে ২০ শতাংশ জায়গা রাখা হয়েছে। এছাড়া, নতুন টিকিট বুকিং কাউন্টার থেকে লিফট-সহ ফুট ওভারব্রিজ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই যাদবপুর স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়। হকারদের রুজিরুটি নিয়ে প্রশ্ন ওঠে। তবে, রেলের বিশেষ উদ্যোগে এই হকাররাই লাভবান হতে পারেন বলে খবর। এই মিনি মার্টে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন দেওয়া হতে পারে বলে রেল সূত্রে খবর। এর ফলে বহু ছোট ব্যবসায়ীদের আয়ের পথ খুলবে বলে মনে করা হচ্ছে।
কী বলছেন নিত্যযাত্রীরা?
রেলের এই উদ্যোগে খুশি নিত্যযাত্রীরা। মিনি মার্ট তৈরি হলে বহু যাত্রীর সুবিধা হবে বলছেন তাঁরা। যাতায়াতে যেমন সুবিধা হবে, তেমনই প্রয়োজনীর জিনিস হাতের সামনে পেলেও উপকৃত হবেন বলে জানাচ্ছেন যাত্রীরা।
