
কলকাতা: ডিজে মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। গত ৬ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই সময় সীমা পেরিয়ে গিয়েছে। এরপর ফের রক্ষাকবচের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় মৃদু ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কেন কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়নি বা ছুটির আগে কেন আদালতকে জানানো হয়নি তা নিয়ে অসন্তোষ ব্যাক্ত করেছেন বিচারপতি। শেষপর্যন্ত আগামী সপ্তাহের শুক্রবার মামলার শুনানি করার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ মে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তোলা হয়েছিল। সেই মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে তাঁকে রক্ষাকবচও দিয়েছিলেন আদালত। গত ৬ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর আবার রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বলেছিলেন, ফল ঘোষণার পর ডিজে এমন জোরে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে। এই মন্তব্যকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে এটিও অন্যতম।