
কলকাতা: আজ, ব্রিগেডে মন্ত্রী হিসাবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু! জঙ্গলমহলে আজ উৎসবের আমেজ। জঙ্গলমহলে ক্ষুদিরাম টুডু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। বাঁকুড়ার রানিবাঁধ একেবারেই আদিবাসী অধ্যুষিত বিধানসভা এলাকা। এই জঙ্গলমহলে একসময়ে দাপিয়ে বেড়িয়েছে মাওবাদীরা। এই জঙ্গলমহলেই পড়েছে একের পর এক লাশ। এই এলাকা একটা সময়ে পুরোপুরিই সিপিএমের গড় হিসাবে পরিচিত ছিল। সেই এলাকায় বহুদিন ধরেই সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন ক্ষুদিরাম টুডু। প্রতিদ্বন্দ্বিতা করতেন প্রত্যেক বিধানসভা নির্বাচনেও। কিন্তু হেরে যেতেন। তারপরও তিনি তাঁর লড়াই ছাড়েননি।
মূলত ভারত জাকাত মাঝি পারগানা মহল (BJMPM) নামক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং আদিবাসী সমাজের অধিকার ও সাঁওতালি ভাষা-সংস্কৃতি রক্ষার আন্দোলনে অত্যন্ত পরিচিত মুখ। আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি পেশায় একজন স্কুলশিক্ষকও। আদিবাসী মহলে সমাজ গড়ার কারিগর তিনি। সেই ক্ষুদিরাম টুডু আজ মঞ্চে মন্ত্রী হিসাবে শপথ নিলেন। অর্থাৎ জঙ্গলমহলে বার্তা গেল, পিছিয়ে পড়া জনসমাজের কাছে বার্তা গেল, যে তাঁদের ওপরেও নজর রেখেছে বিজেপি। তাঁদের উন্নয়নের ওপরেও জোর দেওয়া হচ্ছে। তাই আপাতত যে পাঁচ জন আজ মন্ত্রী হিসাবে শপথ নিলেন, তাঁদের মধ্যে একজন ক্ষুদিরাম টুডু। এদিন ব্রিগেডে জঙ্গলমহলের প্রতিনিধি হিসাবে অলচিকি ভাষাতেই শপথ নিলেন ক্ষুদিরাম।
এবারের নির্বাচনে ক্ষুদিরামের বিপরীতে তৃণমূল প্রার্থী ছিলেন তনুশ্রী হাঁসদা। ক্ষুদিরাম টুডু পেয়েছেন ১,৩১,১৪৫ ভোট। তিনি এই নির্বাচনে ৫২,২৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।