Agnimitra Paul: ‘শুধু ঘুরেই যাচ্ছি, কাজ হচ্ছে না’, অভিযোগের ফোন পেয়েই পুরসভা আধিকারিকদের উপর চটলেন অগ্নিমিত্রা, কী বললেন?

KMC Birth-Death Certificate: বৃহস্পতিবার 'নগরায়নে মুখোমুখি' অনুষ্ঠানে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোন করে নিজের হয়রানির কথা জানান। ওই ব্যক্তির অভিযোগ, গত মার্চ মাসে মেয়ের জন্মের শংসাপত্রে নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় আট মাস পেরিয়ে গেলেও পুরসভার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী যোগাযোগও করা হয়নি তাঁর সঙ্গে।

Agnimitra Paul: শুধু ঘুরেই যাচ্ছি, কাজ হচ্ছে না, অভিযোগের ফোন পেয়েই পুরসভা আধিকারিকদের উপর চটলেন অগ্নিমিত্রা, কী বললেন?
অগ্নিমিত্রা পালImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 19, 2026 | 9:41 PM

কলকাতা: কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগে জন্ম ও মৃত্যুর শংসাপত্র বিলিতে দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কেন সাধারণ মানুষ সময়মতো শংসাপত্র হাতে পাচ্ছেন না? কোথায় সমস্যা? কেন এত দেরি? জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে কেন অভিযোগের পাহাড় জমছে? মন্ত্রীর একের পর এক প্রশ্নে কলকাতা পুরসভার আধিকারিকদের কার্যত জবাবদিহির মুখে পড়তে হয়।

কী অভিযোগ উঠেছে?

বৃহস্পতিবার ‘নগরায়নে মুখোমুখি’ অনুষ্ঠানে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা ফোন করে নিজের হয়রানির কথা জানান। ওই ব্যক্তির অভিযোগ, গত মার্চ মাসে মেয়ের জন্মের শংসাপত্রে নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় আট মাস পেরিয়ে গেলেও পুরসভার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী যোগাযোগও করা হয়নি তাঁর সঙ্গে।

এই অভিযোগ শুনেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে এর আগেও একাধিক অভিযোগ তাঁর কাছে এসেছে বলে জানান তিনি সাধারণ মানুষকে এভাবে হয়রানির শিকার হতে হবে কেন, তা নিয়ে পুরসভার আধিকারিকদের কাছে কৈফিয়ত চান অগ্নিমিত্রা পাল। দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, জন্ম-মৃত্যু শংসাপত্রের মতো জরুরি নথি পেতে সাধারণ মানুষের এই হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে দীর্ঘদিনের সমস্যা

কলকাতা পুরসভায় জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করতে গিয়ে গত কয়েক মাস ধরে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না জরুরি নথি। কোথাও অনলাইন পোর্টালের সমস্যা, কোথাও আবেদন জমা দেওয়ার জটিলতা, আবার কোথাও প্রশাসনিক স্তরে ফাইল আটকে থাকার অভিযোগ। বর্তমানে জন্ম ও মৃত্যুর শংসাপত্র মিলিয়ে প্রায় ৩০ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে খবর।

সমস্যার সূত্রপাত মে মাসে

গত ১৩ মে থেকে কার্যত অচল হয়ে পড়ে রাজ্য সরকারের ‘জন্ম-মৃত্যু তথ্য’ পোর্টাল। এর জেরে পুরনো জন্ম ও মৃত্যুর শংসাপত্রের ডিজিটাল প্রতিলিপি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। দীর্ঘদিন পোর্টাল বন্ধ থাকায় কলকাতা পুরসভায় জমতে থাকে অসংখ্য আবেদন। জুন মাসে বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। পোর্টালের প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব।

অগস্টে পোর্টাল চালু হলেও কাটেনি ভোগান্তি

অগস্ট মাসে পোর্টাল ফের চালু হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে মিলছে না স্লট। কোথাও দিনে মাত্র চার-পাঁচটি আবেদন গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ। স্লট বুক করার পরেও শংসাপত্র হাতে পেতে এক থেকে দু’মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ।

প্রায় ৩০ হাজার আবেদন জমে

অক্টোবরের মাঝামাঝি জন্মের শংসাপত্রের ২০ হাজারের বেশি আবেদন জমে থাকার খবর সামনে আসে। নভেম্বরের শুরুতে জন্ম ও মৃত্যুর শংসাপত্র মিলিয়ে সেই সংখ্যা বেড়ে প্রায় ৩০ হাজারে পৌঁছয়। পাসপোর্ট তৈরি ও পুনর্নবীকরণ, স্কুলে ভর্তি, পড়াশোনার রেজিস্ট্রেশন-সহ একাধিক জরুরি কাজে এই শংসাপত্র প্রয়োজন। ফলে পুরসভার গাফিলতি ও পরিষেবার শ্লথ গতির কারণে সমস্যায় পড়ছেন বহু মানুষ।

পুলিশের হেফাজতে পুরনো জন্মের রেজিস্টার

ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগের তদন্তে গত সেপ্টেম্বরে কলকাতা পুরসভার সদর দফতর ও বিভিন্ন বরো অফিসে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় বেশ কিছু পুরনো জন্মের রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়। পুরসভার আধিকারিকদের একাংশের দাবি, পুরনো রেজিস্টার হাতে না থাকায় নথি যাচাই ও ডিজিটাল শংসাপত্র তৈরির কাজে সমস্যা হচ্ছে। এর জেরে আরও দীর্ঘায়িত হচ্ছে শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া।

পরিষেবা স্বাভাবিক করতে বাড়তি কাউন্টারের নির্দেশ

গত ২ নভেম্বর পরিস্থিতি খতিয়ে দেখতে জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের কাউন্টারে পৌঁছন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। সাধারণ আবেদনকারীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে প্রায় ২০ মিনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এরপর সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কাউন্টারের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। দ্রুত আবেদন নিষ্পত্তি করে শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক করার উপর জোর দেওয়া হয়।

পুরনো নথি ডিজিটাইজ করার পরিকল্পনা

পঞ্চাশ ও ষাটের দশকের বহু জন্ম ও মৃত্যুর নথি এখনও হাতে লেখা রেজিস্টারে সংরক্ষিত রয়েছে। পুরনো নথি ডিজিটাইজ করতে বেসরকারি প্রযুক্তি সংস্থার সাহায্য নেওয়ার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের মতো সংস্থার সাহায্য নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বরো স্তরে শংসাপত্র অনুমোদনের পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

দালালচক্র সক্রিয় হওয়ার অভিযোগ

শংসাপত্র পেতে দীর্ঘ অপেক্ষার সুযোগ নিয়ে দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ। দ্রুত শংসাপত্র পাইয়ে দেওয়ার নাম করে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। পরিষেবার দুর্বলতার সুযোগ নিয়ে মধ্যস্থতাকারীদের সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে বলে পুরসভার আধিকারিকদের একাংশের মত। সব মিলিয়ে জন্ম-মৃত্যু শংসাপত্র বিলিতে দীর্ঘসূত্রিতা, প্রযুক্তিগত সমস্যা, প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং দালালচক্রের অভিযোগ ঘিরে চাপে কলকাতা পুরসভা। এবার মন্ত্রী অগ্নিমিত্রা পালের সরাসরি হস্তক্ষেপের পর কত দ্রুত এই সমস্যার সমাধান হয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।

Loading...
Unable to load recommendations.
Follow Us