Kolkata Metro: ডিসেম্বরেই কলকাতা মেট্রোর বড় উপহার! ট্রেন চলবে এই রুটেও
Metro Work: বর্তমানে দ্রুতগতিতে চলছে বাকি অংশের লাইন বসানোর কাজ। পাশাপাশি চলছে সিমেন্টের প্রলেপ, লোহার কাঠামো বসানো এবং ড্রিলিংয়ের কাজ। জানা গিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিকবার খোঁজখবর নিয়েছেন।

কলকাতা: পরপর পিলারের উপরে গার্ডার বসানোর কাজ শেষ। লাইন বসানোর কাজও ৬০ শতাংশ এগিয়েছে। বড়দিনেই কি কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা উপহার পাবে শহরবাসী! চিংড়িঘাটা অংশের মেট্রোর কাজের বর্তমান অবস্থা কী, খতিয়ে দেখলো Tv9 বাংলা।
আড়াই বছর ধরে আটকে থাকা কাজ শেষ হয়েছে মাত্র ৯০ দিনে। তৃণমূল আমলে বারবার অভিযোগ ও আবেদন করেও কাজের অনুমতি মেলেনি। পালাবদলের পর অনুমতি মেলে, এরপর দ্রুত শুরু হয় গার্ডার বসানোর কাজ। চিংড়িঘাটা সংযোগস্থলের উপর দিয়ে গার্ডার বসানোর কাজ কার্যত শেষ। এবার শুরু হচ্ছে থার্ড লাইন বসানোর কাজ। সিগন্যালিং সিস্টেম সম্পূর্ণ করার কাজ চলছে।
মেট্রো সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের শেষের দিকে কমিশনার অব রেলওয়ে সেফটি গোটা কাজ খতিয়ে দেখে ছাড়পত্র দিতে পারেন। এরপরই বহু প্রতীক্ষিত পরিষেবা উপহার হিসেবে পাবেন সাধারণ মানুষ। একের পর এক পিলারের উপর গার্ডার বসিয়ে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে বাকি অংশের সংযোগ তৈরি সম্পন্ন।
বর্তমানে দ্রুতগতিতে চলছে বাকি অংশের লাইন বসানোর কাজ। পাশাপাশি চলছে সিমেন্টের প্রলেপ, লোহার কাঠামো বসানো এবং ড্রিলিংয়ের কাজ। জানা গিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিকবার খোঁজখবর নিয়েছেন। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। এবার লক্ষ্য বেলেঘাটা থেকে আইটি সেক্টর পর্যন্ত পরিষেবা চালু করা।
লাইন বসানোর পাশাপাশি সিগন্যালিং সিস্টেমের কাজও দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। দীর্ঘদিনের জট কাটিয়ে এখন যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে মেট্রো প্রকল্পের কাজ।
