Kunal Ghosh: ‘মাঝপথে বিভ্রান্তি ছড়াবে, ওমুক এগোচ্ছে… গুজবে কান দেবেন না’, কোন ইঙ্গিত দিলেন কুণাল?
Kunal Ghosh: গণনার আগের দিন দলীয় কর্মী সমর্থক, সংগঠকদের দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছেন কুণাল। তিনি বলেন, "সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন। অন্য কিছুতে কান দেবেন না।" তিনি আশ্বস্ত করেন, "মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দিয়েছেন।"

কলকাতা: রাত পোহালেই গণনা। তার আগে বঙ্গে বড় ‘গুজবে’র থেকে সতর্ক করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। ভোটের আগে ভিডিয়ো বার্তা দিলেন কুণাল। তিনি বলেন, “এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে, এগুলোতে কেউ কান দেবেন না। এগুলো বিজেপি পরিকল্পিতভাবে করছে। এইভাবে ছড়িয়ে দিয়েছে, গুজবে কান দেবেন না।” কুণাল ঘোষ স্পষ্ট বললেন, বাংলায় ৪২ টা আসনের মধ্যে তৃণমূল অন্তত ৩০-৩৫টা আসন পাবে।
গণনার আগের দিন দলীয় কর্মী সমর্থক, সংগঠকদের দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছেন কুণাল। তিনি বলেন, “সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন। অন্য কিছুতে কান দেবেন না।” তিনি আশ্বস্ত করেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দিয়েছেন।”
তবে গণনার দিন আরও একটা বিষয়ের আভাস দিয়ে রাখলেন কুণাল। তিনি বললেন, “এক একটা লোকসভায় গড়ে সাতটা বিধানসভা কেন্দ্র থাকে। ধরে দেখুন এমন খবর আসছে, যেখানে কিছু জায়গায় বিরোধীরা এগিয়ে, কিংবা বিরোধীরা লিড পাবে, সেগুলিকে কাউন্টিং করিয়ে আগে অন্য প্রচার করার চেষ্টা চলবে। এগুলো কান দেবেন না। কারণ তারপরই দেখবেন তৃণমূল সেগুলো মেকআপ করে লিড নিচ্ছে।”
কুণাল স্পষ্ট করে দেন, কে এগল, কে পিছল, তাতে কান দেবেন না। কুণালের আতঙ্ক, “মাঝ পথে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলবে, শেষ অবধি নজর রাখুন।”
নির্বাচনের দিনগুলোতে যে সন্ত্রাসের অভিযোগ তুলছিলেন বিরোধীরা, তা নস্যাৎ করে দিয়েছেন কুণাল। নির্বাচন কমিশনের বক্তব্য টেনেই তিনি বলেন, “বিজেপি, সিপিএম, কংগ্রেস আর যারা বিরোধী রয়েছে, তারা মুখের ওপর জবাব পেয়ে গেল। বিরোধীরা যে সন্ত্রাসের অভিযোগ করছিল, নির্বাচন কমিশন তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে। ডায়মন্ডহারবার-সহ যেসব জায়গায় বিরোধীরা পুনর্নির্বাচনের দাবি তুলেছিল, কমিশন তা খারিজ করে দিয়েছে।”
