
কলকাতা: এখনও বাংলার রাজনীতির অন্যতম প্রবীণ রাজনীতিবিদ তিনি। তারপরও ছাড় পেলেন না। কলেজস্ট্রিটে গিয়ে তাঁকেও শুনতে হয়েছে ‘গো-ব্যাক’ স্লোগান। বই নিয়ে যখন বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল বইপাড়া, তার মধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। আর তখনই বিমানকে দেখে গো-ব্যাক স্লোগান দেয় AVBP। তারই উত্তর দিলেন বাম চেয়ারম্যান। বলেন, “কী হবে গো-ব্যাক স্লোগান দিয়ে? আমি এখানে থাকতে আসিনি।”
সোমবার দুপুরে কলেজ স্ট্রিটে পৌঁছন বিমান। তাঁর সঙ্গে ছিলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। সেই সময় বিমানকে দেখে গো-ব্যাক স্লোগান। শুধু তাই নয়, তিনি চলে যাওয়ার পর ফের বলা হয়, “পালিয়ে গেল…পালিয়ে গেল…।” তবে গো-ব্যাক স্লোগান শোনার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বিমান বসু হেসে বলেন, “গো-ব্যাক বলার দরকার কী আছে? আমি তো এখানে থাকতে আসিনি। আমি বই বিক্রি করতেও আসিনি। আমার মিটিং আছে। সেখানে যেতে হবে।” অপরদিকে, কলেজ স্ট্রিটে অশান্তির ঘটনার নিন্দা জানিয়ে বাম চেয়ারমন্যান বলেন, “বাস্তব জ্ঞান কম থাকলে, আর ইতিহাস নিয়ে জ্ঞান না থাকলে যা ঘটে তাই ঘটছে। চূড়ান্ত দুঃখের বিষয়।”
বিমান বসুকে গো-ব্যাক স্লোগান নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আবার বলেন, “ছাত্রদের ব্যাপার। আন্দোলন তো কখনই নিরামিষ ছিল না। ওইটা একটু হয়।” আবার প্রবীণ রাজনীতিবিদের পাশে দাঁড়িয়ে বিধায়ক কুণাল ঘোষ বলেন, “বিমান বসু, আজকের দিনে দাঁড়িয়ে সিনিয়র নেতা। তাঁকে গো ব্যাক বলছে। সাহস পায় কীভাবে? না বোঝে বই, না জানে রাজনীতি, না চেনে বিমান বসুকে।”
তপ্ত হয়ে রয়েছে কলেজস্ট্রিট। বিগত চার বছর ধরে ‘নভেম্বর বিপ্লবের’ জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি অনুমতি নিয়ে বইয়ের স্টল করে SFI। এবারও অন্যথা হয়নি। তবে এবার ABVP-র দাবি, তাদেরও বইয়ের স্টল করার অনুমতি দিতে হবে। সেই নিয়ে ঝামেলা দুপক্ষের। ABVP-র দাবি, তাদের স্টল ভেঙেছে SFI। অন্যদিকে, বামেদের দাবি, ABVP-র তরফেই প্রথমে ইট-পাটকেল, বাজি ছোড়া হয়।