HC Counting Centre Case: গণনা নিয়েও পাকল জট, হাইকোর্টে দায়ের জোড়া মামলা

Counting Centre Staff Controversy: আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, এই পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং এর ফলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে।

HC Counting Centre Case: গণনা নিয়েও পাকল জট, হাইকোর্টে দায়ের জোড়া মামলা
কলকাতা হাইকোর্ট ও নির্বাচন কমিশনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 30, 2026 | 11:42 AM

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে গণনাকেন্দ্রের বিন্যাস এবং কর্মী নিয়োগ নিয়ে বড়সড় আইনি জট কলকাতা হাইকোর্টে। নির্বাচন কমিশনের দুটি পৃথক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে জোড়া মামলা দায়ের করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। মামলার মূল বিষয়বস্তু গণনাকেন্দ্রে কর্মী নিয়োগের স্বচ্ছতা।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, এই পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং এর ফলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। কমিশনের এই একপাক্ষিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অন্যদিকে, দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর আপত্তির জায়গা হলো গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে ‘সেন্ট্রালাইজেশন’ বা কেন্দ্রীকরণের পথে হাঁটা হয়েছে। কিন্তু বিশ্বরূপ ভট্টাচার্যের দাবি, হঠাৎ করে এভাবে গণনাকেন্দ্রের স্থান বদল করা আইনত সঠিক নয়।

নির্বাচনের শুরু থেকেই কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার গণনা পর্বেও দায়ের হল মামলা। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা।

Follow Us