Lionel Messi: বিপদের হাত থেকে মুক্তি, অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন ‘মেসি’
Lionel Messi Statue Kolkata: সম্প্রতি, দেখা যায়, হাওয়া রীতিমতো দুলছে মেসির ওই মূর্তি। তারপরই পূর্ত দফতরের তরফ থেকে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। মূর্তির পিছনের দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, মূর্তির সামনে, মাঠের অংশকেও বাঁশের ব্যারিকেড করা হয়। তবে, কীভাবে ওই মূর্তিকে সরানো হবে সেই নিয়ে জল্পনা চলছিল।

কলকাতা: লেকটাউনের (Laketown) ব্যস্ত রাস্তা। তার মাঝেই মেসির বিশাল মূর্তি (Lionel Messi Statue)। এতদিন ঠিক এই ছবিটা দেখতেই অভ্যস্ত ছিলেন লেকটাউনবাসী। তবে, এবার থেকে আর ওয়ার্ল্ড কাপ হাতে মেসিকে দেখা যাবে না। অবশেষে লেকটাউন থেকে সরানো হল মেসির বিশালাকার মূর্তি। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল, দমকা হাওয়ায় রীতিমতো দুলছে মেসি। খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। আতঙ্কে ঘুম উড়েছিল লেকটাউনবাসীর। মেসি মূর্তি (Laketown Messi Statue) সরতেই অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী। হাঁফ ছেড়ে বাঁচলেন বোধহয় মেসি নিজেও।
মেসি মূর্তি নিয়ে জটিলতা
সম্প্রতি, দেখা যায় ঝড়ের প্রকোপে মেসির মূর্তি দুলছে। খবর দেওয়া হয় লেকটাউন থানায়। পুলিশ খবর দেয় পূর্ত দফতরকে । তারপর পূর্ত দফতরের তরফে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। মূর্তির পিছনের দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, মূর্তির সামনে, মাঠের অংশকেও বাঁশের ব্যারিকেড করা হয়। তবে, কীভাবে ওই মূর্তিকে সরানো হবে সেই নিয়ে জল্পনা চলছিল। পুর নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মেসি মূর্তি সরানোর সময় যেন কোনওভাবে ক্ষতি না হয়।
কীভাবে সরানো হল মেসি মূর্তিকে?
গত সাতদিন ধরে মূর্তি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ সকাল থেকেই লেকটাউন মোড়ে পৌঁছে যায় বিশালাকার হাইড্রোলিক ক্রেন। মূর্তিকে দড়ি দিয়ে বেঁধে ওই ক্রেন দিয়ে মাটিতে নামিয়ে আনা হয়। একেবারে অক্ষত অবস্থায় ওই মূর্তি নামানো হয়েছে। তবে, মূর্তিটিকে কোথায় রাখা হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, সূত্রের খবর, ইকো পার্কে নিয়ে যাওয়া হতে পারে মূর্তিটিকে।
