Bangla NewsKolkata Lok Sabha Election 2024 Result Several Assembly Seats are now open for by election in West Bengal
Lok Sabha Election: বাড়ছে উপনির্বাচনের লিস্ট, লোকসভা ভোটে বিধায়ক-শূন্য হল যে এলাকাগুলি…
West Bengal Assembly: এবারের ভোটে শাসক-বিরোধী উভয় পক্ষই একাধিক বিধায়ককে লোকসভা ভোটের প্রার্থী করেছিল। তাঁদের মধ্যে কেউ জিতেছেন, কেউ হেরেছেন। যদি ধরে নেওয়া হয়, যে বিধায়করা জিতেছেন লোকসভা ভোটে, তাঁরা সাংসদ পদে শপথ নেবেন... তাহলে বাংলায় একগুচ্ছ বিধানসভা আসনে আবার উপনির্বাচন হতে পারে।
যে যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হল...Image Credit source: TV9 Bangla
কলকাতা: লোকসভা ভোট মিটেছে। বাংলায় যেমন আশা করেছিল বিজেপি, তেমন প্রতিফলন হয়নি ইভিএমে। বরং, আসন সংখ্যা আরও কমেছে। লোকসভা ভোটের রেজাল্ট নিয়ে একদিকে যখন রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে, তখন অন্যদিকে বাংলায় বাড়ছে উপনির্বাচনের যোগ্য হয়ে ওঠা বিধানসভা আসনের সংখ্যাও। এবারের ভোটে শাসক-বিরোধী উভয় পক্ষই একাধিক বিধায়ককে লোকসভা ভোটের প্রার্থী করেছিল। তাঁদের মধ্যে কেউ জিতেছেন, কেউ হেরেছেন। যদি ধরে নেওয়া হয়, যে বিধায়করা জিতেছেন লোকসভা ভোটে, তাঁরা সাংসদ পদে শপথ নেবেন… তাহলে বাংলায় একগুচ্ছ বিধানসভা আসনে আবার উপনির্বাচন হতে পারে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন বিধানসভায় উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হল-
মানিকতলা: মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে। তারপর থেকে মানিককলা বিধানসভা কেন্দ্র বিধায়কহীন অবস্থাতেই রয়েছে।
রায়গঞ্জ: রায়গঞ্জের বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী। এবারের ভোটে তৃণমূলের টিকিটে তিনি লোকসভার প্রার্থী হন। ঘাসফুলের প্রার্থী হওয়ার পর ভোটের আগেই তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।
বাগদা: বাগদার বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। এবারের লোকসভা ভোটে বনগাঁ থেকে শান্তনু ঠাকুরের বিপরীতে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। যদিও তিনি পরাজিত হয়েছেন। লোকসভা ভোটের আগেই তিনি বিধায়ক পদে ইস্তফা দেন।
হাড়োয়া: হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। এবারের লোকসভা ভোটে তৃণমূল তাঁকে প্রার্থী করেছিল হাইভোল্টেজ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। জয়ী হয়েছেন হাজি নুরুল। যদি ধরে নেওয়া হয়, তিনি সাংসদ পদে শপথ নিচ্ছেন, তাহলে হাড়োয়া বিধানসভা আসনে আবার উপনির্বাচনের প্রয়োজন।
মেদিনীপুর: মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তিনি এবার মেদিনীপুর লোকসভা আসন থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন। তৃণমূলের তারকা নেত্রী জুন এবার সাংসদ পদে শপথ নিলে, তাঁর বিধানসভা আসন বিধায়ক শূন্য হবে। সেক্ষেত্রে মেদিনীপুরেও উপনির্বাচনের প্রয়োজন।
সিতাই: সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া এবার কোচবিহার লোকসভা আসন থেকে ভোটে জিতেছেন তৃণমূলের টিকিটে। নিশীথ প্রামাণিককে হারিয়ে কোচবিহার আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। যদি ধরে নেওয়া হয় জগদীশ বসুনিয়া সাংসদ পদে শপথ নিচ্ছেন, তাহলে সিতাইতেও উপনির্বাচনের প্রয়োজন।
নৈহাটি: নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে এবার তৃণমূল প্রার্থী করেছিল ব্যারাকপুর থেকে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভোটে জিতে ব্যারাকপুর লোকসভা আসন নিজেদের দখলে এনেছে তৃণমূল। পার্থ ভৌমিক সাংসদ পদে শপথ নেওয়ার পর নৈহাটি বিধানসভাও বিধায়ক শূন্য হয়ে পড়বে। সেক্ষেত্রে এখানেও উপনির্বাচনের প্রয়োজন হবে।
তালডাংরা: তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে এবার তৃণমূল প্রার্থী করেছিল বাঁকুড়া থেকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে বাঁকুড়া থেকে হারিয়ে জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী। তিনি সাংসদ পদে শপথ নেওয়ার পর তালডাংরাতেও বিধানসভা উপনির্বাচনের প্রয়োজন পড়বে।
মাদারিহাট: মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে এবার পদ্ম শিবির প্রার্থী করেছিল আলিপুরদুয়ার থেকে। প্রাক্তন সাংসদ জন বার্লাকে এবার টিকিট দেয়নি বিজেপি। আলিপুরদুয়ার থেকে ভোটে জিতেছেন বিজেপির মনোজ টিগ্গা। এবার তিনি সাংসদ পদে শপথ নিলে মাদারিহাটেও নতুন বিধায়কের খোঁজে উপনির্বাচনের প্রয়োজন হবে।