
কলকাতা: কালিয়াচকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার পর বুধবার মধ্যরাতে যখন বিচারকদের কেন্দ্রীয় বাহিনী এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও এড়ানো যায়নি হামলার ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিচারকরা নামের নিষ্পত্তির কাজ করছে, তাঁরাই নিরাপত্তাহীনতায় ভুগছে! এই পরিস্থিতিতে নজিরবিহীন নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে, কালিয়াচকের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ কালিয়াচকের ঘটনা নিয়ে কড়া বার্তা দেয় রাজ্যকে। এই ঘটনা রাজ্য সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার উদাহরণ বলেও মন্তব্য করেন বিচারপতি। এদিনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সিবিআই বা এনআইএ-র মতো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। এরপরই কমিশন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
তবে আইন-শৃঙ্খলার দায়িত্ব কমিশন নিতে রাজি নয়। ব্যাঙ্ক লুঠ, পাড়ার ঝামেলা ইত্যাদি নিয়ে কমিশন কিছু ঠিক করবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, কালিয়াচকের ঘটনা কেন ঘটল, তার উত্তর ডিজি ও মুখ্যসচিবকে দিতে হবে।
কেন সিনিয়র অফিসার যাননি? এত দেরি কেন হল? জানতে চেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেন ব্লক অফিসে বসছেন বিচারকরা? প্রশাসন কেন বসাচ্ছে এদের? সেই তথ্যও জানানো হয়েছে। ট্রাইব্যুনাল কবে থেকে সে ব্যাপারে বৃহস্পতিবারও কিছু জানাতে পারল না কমিশন। ৫২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।