Weather Update: গরমে পুড়ছে বাংলা, বুধবার থেকে এই জেলাগুলির মানুষদের জন্য বড় সতর্কতা জারি হাওয়া অফিসের
Weather Update: মৌসম ভবন বলছে, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে। সবথেকে বেশি তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বিশেষ করে বাঁকপড়ায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করে যেতে পারে।

কলকাতা: হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রা। বেলা বাড়লেই বাড়ি থেকে বের হওয়ায়ই যেন রীতিমতো চাপে হয়ে দাঁড়াচ্ছে। চড়া রোদের দাপটে শরীরে জ্বালা। এরইমধ্যে আরও দুঃসংবাদ দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। সঙ্গে অস্বস্তি। আগামী ৫ এপ্রিল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই এই অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়া দফতরের কর্তারা। বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে থাকছে তাপপ্রবাহের সতর্কতা।
মৌসম ভবন বলছে, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে। সবথেকে বেশি তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। বিশেষ করে বাঁকপড়ায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করে যেতে পারে। একই ছবি দেখা যেতে পারে পুরুলিয়াতেও। দক্ষিণবঙ্গে গরমের দাপট চলতে থাকলেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস বলছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। তবে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ৬ তারিখের পর উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও।
