
কলকাতা: শহরকে আরও স্বচ্ছ রাখতে যথাযথ পদক্ষেপ করছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রাজ্যের মন্ত্রী চেষ্টা করেন প্রতিদিন এলাকা ঘুরে ঘুরে শহরের রাস্তাঘাট খতিয়ে দেখার, মানুষের অভাব-অভিযোগ শোনার। তাঁর এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। এবার কাশীপুরে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন তিনি।
বুধবার কলকাতা পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুর এলাকা পরিদর্শন করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা মাদক সেবন ও মদ্যপান, বেহাল ফুটপাত, শৌচাগারের সমস্যা এবং নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ার মতো একাধিক অভিযোগ জানান। এরপরই সেই অভিযোগ খতিয়ে দেখেন অগ্নিমিত্রা। পুলিশকে নির্দেশ দেন, মদ-গাঁজার আসর দেখলে তাতে যেন কঠোর পদক্ষেপ করা হয়। পাশপাশি ফুটপাত সংস্কার, স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে উন্নত শৌচাগারের ব্যবস্থা এবং নিয়মিত আবর্জনা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন রাজ্যের মন্ত্রী।
এ দিন, এলাকায় মন্ত্রী যেতেই স্থানীয় এক মহিলা অগ্নিমিত্রাকে অভিযোগ করে বলেন, “ম্যাডাম দরজা-জানলা খুলতে পারি না। গাঁজা খায়…।” এই কথা জানার পরই মন্ত্রী বলেন, “IC সাহেব কী করছেন? কেন এমন অভিযোগ করছেন মা-বোনেরা? স্থানীয় মানুষ অভিযোগ করছেন, এই গলি আর পুরো এলাকায় গাঁজার আসর চলছে। রাত থেকে যেন এই অভিযোগ না আসে।”
এর পাশপাশি ডাস্টবিন নিয়েও এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন। নোংরা ডাস্টবিন থেকে গন্ধ বের হয়। সেটা শুনে মন্ত্রী বলেন, “সুভাষিনী ম্যাডাম জায়গা পরিষ্কার করুন। পুরো পরিষ্কার ফুটপাথ বানিয়ে দিন। ডাস্টবিন জল দিয়ে পরিষ্কার করুন। কোনও ডাস্টবিন যেন আমি নোংরা না দেখি।”