
কলকাতা: একই দিনে পরপর দুটি এনকাউন্টার। আর সেই এনকাউন্টারকে কেন্দ্র করে এবার কবিতার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এনকাউন্টার এবং অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে যখন জোর চর্চা চলছে, তখনই তাঁর কবিতা নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে কবিতায় ঠিক কী বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী?
রাজ্যের মন্ত্রী লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক,ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার,সেই হাত রুখুক অপরাধ বারবার।” ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহুবার বলেছেন, তিনি পুলিশকে ‘ফ্রি হ্যান্ড দিয়েছেন’। তৃণমূল আমলে পুলিশকে শুধু রাজনৈতিক কাজেই ব্য়বহার করা হত বলে তোপ দেগেছিলেন তিনি। এরপর নিজে যখন ক্ষমতায় আসেন তখনই অপরাধ বন্ধে বারংবার পুলিশের পাশে থেকে পুলিশমন্ত্রী নিজে। গত তিন মাসে আগে বারুইপুরে নাবালিকাকে পৈশাচিক অত্যাচারের পর খুন করা হয়। সেই ঘটনায় এক অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ। এরপর গতকালও গাইঘাটা ও মুর্শিদাবাদে এনকাউন্টার করা হয়। অন্যায় করলে যে কোনও ভাবেই রেয়াত নয় পুলিশ তাই বোঝাচ্ছে।
অগ্নিমিত্রা আরও লিখেছেন, “তবু সাহসের মূল্য কম নয়,মানুষের নিরাপত্তার চেয়ে বড় কিছু নয়। রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে,শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে।” তবে, এই প্রথম নয়, অগ্নিমিত্রা এর আগে আসানসোলকে নিয়েও কবিতা লিখেছেন। আর এবার এনকাউন্টার নিয়ে লিখলেন তিনি।