Dilip Ghosh: ‘গণতান্ত্রিক দেশে সবাই দেওয়াল লিখতে পারে, কার্ল মার্কসের নীতি তো ব্যান হয়নি’, সাফ বার্তা দিলীপের
Dilip Ghosh on Jadavpur University Wall Writing: যাদবপুরে ফের নতুন করে দেওয়াল লিখন। এই প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ। মন্ত্রীর দাবি, গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে। কিন্তু, দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়। সেই কারণেই সরকার এই পদক্ষেপ করেছে। কিন্তু, কার্ল মার্কসের উক্তি লেখাতে কোনও সমস্যা নেই।

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পরই রাতারাতি মুছে ফেলা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়াল লিখন। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই সাদা চুনকাম করা দেওয়ালে ফের জ্বলজ্বল করছে নীল কালিতে লেখা কার্ল মার্কসের উক্তি। নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এবিভিপি (ABVP) ছাত্র সংগঠনের দাবি, নকশালপন্থীরাই লিখেছে। যদিও, এই নতুন দেওয়াল লিখনে ভুল কিছু দেখছেন না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
কী বললেন দিলীপ?
দিলীপ ঘোষের দাবি, গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে। কিন্তু, দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়। সেই কারণেই সরকার এই পদক্ষেপ করেছে। কিন্তু, কার্ল মার্কসের উক্তি লেখাতে কোনও সমস্যা নেই। মন্ত্রী বলেন,”প্রথমবার তো এরকম হল। ওখানে অ্যান্টি ন্যাশনাল স্লোগান মোছার প্রয়োজন মনে করেছে সরকার, তাই করেছে। এর আগে তো কেউ চেষ্টা করেনি। যাঁরা ক্যাম্পাসকে দখল করে এতদিন এখানে অ্যান্টি ন্যাশনাল মুভমেন্টের কেন্দ্র তৈরি করেছিল। তাঁরা তো একটা বার্তা পেয়েছে যে এটা চলবে না। দেওয়াল লিখন গণতান্ত্রিক দেশে সবাই করতে পারে। আর কার্ল মার্কসের নীতি লেখা তো এখানে ব্যান হয়ে যায়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা, ভারতের ঐক্য, অখন্ডতা নিয়ে চ্যালেঞ্জ করা, এটা তো ভারত সরকার বরদাস্ত করবে না।”
যাদবপুরে দেওয়াল লিখন বিতর্ক
উল্লেখ্য, এর আগে যাদবপুর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার কড়া বার্তা দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন। দেশবিরোধী স্লোগান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি অসুখও জানি, ওষুধও জানি। আমাদের বিদ্যার্থী পরিষদ দিল্লির জেএনইউ, হায়দরাবাদের ওসমানিয়া, সবাইকে শুধরে দিয়েছে। যাদবপুর এখনও বাকি। এটাও হয়ে যাবে। এত সাহস, আর্টস হস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষেণজি। কে এই কিষেণজি? যিনি গোমতী থেকে গোদাবরী, আলাদা রাষ্ট্র তৈরির কথা বলতেন, সেই কিষেণজিকে রেড স্যালুট দেবেন। আর ফ্রি প্যালেস্টাইন? ওই জায়গায় আগে লিখুন, ফ্রি ফ্রি পাক অকুপাইড কাশ্মীর। উচ্চশিক্ষা দফতর দেখছে। আমিও দেখছি।” এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘দেশবিরোধী স্লোগান ও আপত্তিকর’ দেওয়াল লিখন, গ্রাফিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই শনিবার রাতারাতি ‘দেশবিরোধী আপত্তিকর’ দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেওয়াল লিখন, গ্রাফিতি, স্লোগানগুলোকে সাদা চুনকাম করে দেওয়া হয়। কিন্তু রবিবার রাতে সম্পূর্ণ বদলে যায় ক্যাম্পাসের ছবি। ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন করে লেখা হয়েছে কার্ল মার্কসের উক্তি।
