
কলকাতা: বাংলায় আবার ভোটের দামামা বাজতে শুরু করেছে। সব ঠিক থাকলে নভেম্বর মাসের শেষ লগ্নে কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার সম্ভাবনা থাকছে। অক্টোবর প্রায় শেষ হওয়ার পথে। তাই প্রার্থী তালিকা ঘোষণা করার ক্ষেত্রে আর বেশি সময় নেই রাজনৈতিক দলগুলির হাতে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রথমবার এই পুরভোট ঘিরে জল্পনা চড়ছে। বিজেপির প্রার্থীতালিকায় (BJP Candidate List) কি থাকবে তৃণমূল কাউন্সিলরদের নাম?
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যখন প্রথমবার কলকাতা পুরনিগমে যান, তখন তাঁর সভায় দেখা গিয়েছিল বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলরকে। ছিলেন জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার, কাজরী বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কাউন্সিলররা। তাঁদের মধ্যে কারও কারও নাম বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
সূত্রের খবর, প্রার্থী তালিকা ঠিক করতে শুক্রবারই সুনীল বনশলের নেতৃত্বে বৈঠকে বসছে বিজেপি। সেখানে পুরভোটের দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরভোটের জন্য প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে বিজেপি।
সূত্রের খবর, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের মধ্য়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন প্রার্থী হতে চেয়ে। শোনা যাচ্ছে, পুর প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতার জন্য ওই সব কাউন্সিলদের আগ্রহকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বিজেপি। এই বিষয়টি কার্যত মেনে নিচ্ছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও।
তিনি বলেন, “কয়েকজন চেষ্টা করছে। এটা বিজেপিকে বুঝতে হবে। এতদিন যে পুরপিতাদের বিরুদ্ধে তারা নানা ধরনের কথা বলেছেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাঁরাই বিজেপির দিকে ঝুঁকছেন। একটাও প্রাক্তন তৃণমূল নিতে হলে ধরা পড়ে যাবে যে, ওদের হাতে প্রার্থী নেই।”
তবে এই জল্পনা সরাসরি খারিজ করে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। মানুষ জামা পরিবর্তনের জন্য ভোট দেয়নি। ভিতরের মানুষটা পরিবর্তনের জন্য ভোট দেওয়া হয়েছে।” তবে আদতে প্রার্থীতালিকায় কারা থাকবেন, তা জানতে খুব বেশিদিন দেরি করতে হবে না।