
কলকাতা: এসআইআর-এ সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। শীর্ষ আদালতের নির্দেশের পর প্রথম ট্রাইবুনালে এক ভোটারের নাম-বিভ্রাটের নিষ্পত্তি। ট্রাইবুনালের কাজ শুরু না হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় মোহতাব শেখের ক্ষেত্রে। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোহতাবের নাম চূড়ান্ত প্রার্থীতালিকা থেকে বাদ গিয়েছিল। কিন্তু এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর ভাগ্য নির্ধারিত হয়নি। পাসপোর্ট জমা দেওয়ার পরও তাঁর নাম ওঠেনি। তাঁর নাম ডিলিটেড দেখায়।
শীর্ষ আদালত নির্দেশ দেয়, মালদহের কংগ্রেস প্রার্থী মোহতাব শেখের ক্ষেত্রে ৬ এপ্রিলের আগে এই সমস্যার সমাধান করতে হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম রবিবার নিজের বাড়িতে শুনানি করেন। হাজির ছিলেন মোহতাব। সেখানেই নিষ্পত্তি। তাঁর পাসপোর্ট ছিল। ফলে মনোনয়নে বাধা রইল না মোহতাবের। উল্লেখ্য, ট্রাইবুনাল এখনও কাজ শুরু করেনি। শুধু শীর্ষ আদালতের নির্দেশেই একটি মামলাই নিষ্পত্তি হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, মালদহের বৈধ ভোটার হিসেবে মোহতাব শেখের নাম এদিন রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ করে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।
সূত্রের খবর, এদিন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহতাবের সমস্ত নথি খতিয়ে দেখেন। ২০১২ সালে তাঁর ভোটার কার্ড হয়েছে। ২০১৬ সালে তাঁর আধার কার্ড হয়েছে। পাশাপাশি তাঁর আধার কার্ড রয়েছে। তারপরও কীভাবে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যায়, তা নিয়ে প্রশ্ন ওঠে। মোহতাবের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, এসআইআর সংক্রান্ত সমস্ত মামলা শুনছে সুপ্রিম কোর্ট, তাই শীর্ষ আদালতেরই দ্বারস্থ হন প্রার্থীর আইনজীবী। মোহতাবের মামলা ট্রাইবুনালে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।