NRS Doctor Death: মাসে মাসে বাড়ি থেকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকাও চাইতেন, ফেসবুকে একাধিক পোস্ট! NRS এর হাইজস্টাফের রহস্যমৃত্যুতে সামনে এল ভয়ঙ্কর তথ্য, দায়ের খুনের অভিযোগ
NRS Doctor Death Murder Case Filed: পরিবারের দাবি, এনআরএস হাসপাতালে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল অভিজিৎকে। কোনও চক্রের ফাঁদে পড়েই তাঁর এই পরিণতি। পরিজনদের মতে, অভিজিৎ প্রতি মাসে হস্টেলে থাকা সত্ত্বেও ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচের কথা বলে চেয়ে নিতেন, যা পরিবারের মনে চরম সন্দেহের বীজ বুনেছিল।

কলকাতা: এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২৮ বছর বয়সি হাউস স্টাফ চিকিৎসক অভিজিৎ সরকারের মৃত্যুতে আরও রহস্য দানা বাঁধল। নাগেরবাজারের হস্টেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা মনে করা হলেও, পরিবারের তরফে এবার থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। পরিবারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
র্যাগিং ও ‘অদৃশ্য চক্রের’ অভিযোগ
পরিবারের দাবি, এনআরএস হাসপাতালে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল অভিজিৎকে। কোনও চক্রের ফাঁদে পড়েই তাঁর এই পরিণতি। পরিজনদের মতে, অভিজিৎ প্রতি মাসে হস্টেলে থাকা সত্ত্বেও ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচের কথা বলে চেয়ে নিতেন, যা পরিবারের মনে চরম সন্দেহের বীজ বুনেছিল।
হস্টেল মালিক ও স্থানীয়দের বক্তব্য প্রাথমিক অবস্থায় অভিজিতের মধ্যে মানসিক অবসাদের কোনও স্পষ্ট ছাপ দেখা না গেলেও, শেষের দিকে তিনি চরম চুপচাপ হয়ে যান। তাঁর অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা বন্ধ করে দেওয়া হস্টেল কর্তৃপক্ষের নজর কেড়েছিল।
ফরেনসিক তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহ
পুলিশ প্রথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করলেও কোনো পথ খোলা রাখছে না। মঙ্গলবার নাগেরবাজারের ওই হস্টেলে পৌঁছয় বিশেষ ফরেনসিক টিম। তাঁরা ঘটনাস্থল থেকে বেশ কিছু পারিপার্শ্বিক নমুনা ও ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন।
মোবাইল ডাটা উদ্ধারে জোর
অভিজিতের মোবাইল ফোনটিকে এই মামলার অন্যতম প্রধান সূত্র মনে করছে পুলিশ। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা আকুতি এবং ডিজিটাল পদচিহ্ন (digital footprints) রিকভার করতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।
হস্টেলে মালিকের বক্তব্য, “ছেলেটা কারোর সঙ্গেই বেশি কথা বলত না। খাতায় সই করতে আসত, বাইরে দাঁড়িয়েই সই করে চলে যেত। আমাদের হস্টেলে ১০০ জনের ওপর ছেলে রয়েছে। তবে কার ভিতরে কী চলছে, সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তবে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি ওর ফেসবুক প্রোফাইলটা খুলে দেখলাম। ছেলেটার একাধিক পোস্ট দেখে মনে হল ডিপ্রেশনে ভুগছিল। পরিবার আরও ভালো করে বলতে পারবে।”
অভিজিতের এক আত্মীয় বলেন, “ছেলেটা ছোটবেলা থেকেই দুর্দান্ত মেধাবী। পড়াশোনা নিয়েই থাকত। ওর বাবা বলছিল, ওর সঙ্গে র্যাগিং হত। বাড়ি থেকে মাঝেমধ্যে টাকা চাইত। সেটা অনেকটা টাকা। ৫০ হাজার থেকে লাখ টাকাও চাইত। সে কী কারণে, সেটা বোঝা যাচ্ছে না।”
