Election in Kolkata: কলকাতা পুরনিগমের কো-অপারেটিভ নির্বাচনেও শাসকের ‘দাদাগিরি’? লড়াইয়ের আগেই তৃণমূলের দখলে ২৫ আসন

Election in Kolkata: এই নির্বাচনে পুরসভায় অন্যতম প্রভাবশালী এবং ক্ষমতাশালী সিটু এবং কংগ্রেসের ইউনিয়ন কোনও প্রার্থী দাঁড় করাতে পারেনি। যে ১৩টি আসনে নির্বাচন হচ্ছে, সেখানে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পিছনের দিক থেকে সাহায্য করছে বাম-কংগ্রেস, দাবি তৃণমূলের ইউনিয়নের।

Election in Kolkata: কলকাতা পুরনিগমের কো-অপারেটিভ নির্বাচনেও শাসকের ‘দাদাগিরি’? লড়াইয়ের আগেই তৃণমূলের দখলে ২৫ আসন
চলছে ভোট Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 20, 2024 | 2:43 PM

কলকাতা: কলকাতা পুরসভার মজদুর সমবায় কো-অপারেটিভ নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ‘দাদাগিরি’ করার অভিযোগ। ভয় দেখিয়ে এবং নানা অছিলায় প্রার্থী দিতে দেওয়া হয়নি, অভিযোগ বাম-কংগ্রেসের। সূত্রের খবর, ৩৮টি আসনের মধ্যে ২৫টি আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। প্রসঙ্গত, কলকাতা পুরসভার অন্দরমহলের সবথেকে বড় নির্বাচন এই কো-অপারেটিভ নির্বাচন। সেখানেও প্রার্থী দিতে বাধা বিরোধীদের। যদিও শাসক তৃণমূলের দাবি, প্রার্থী খুঁজে পায়নি বিরোধীরা। তাঁদের তরফে কোন চাপ সৃষ্টি করা হয়নি। 

শুক্রবার কলকাতা পুরসভা মজদুর কো-অপারেটিভ সোসাইটি লিঃ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কলকাতা পুরসভা সদর দফতর এবং বিভিন্ন বরো অফিসে। তথ্য বলছে, মোট ৩৮টি আসনের মধ্যে ২৫টি আসনে ইতিমধ্যেই তৃণমূল প্রভাবিত কলকাতা পুরসভা মজদুর কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। বাকি ১৩টি আসনে ভোট হচ্ছে। 

তবে উল্লেখযোগ্যভাবে এই নির্বাচনে পুরসভায় অন্যতম প্রভাবশালী এবং ক্ষমতাশালী সিটু এবং কংগ্রেসের ইউনিয়ন কোনও প্রার্থী দাঁড় করাতে পারেনি। যে ১৩টি আসনে নির্বাচন হচ্ছে, সেখানে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পিছনের দিক থেকে সাহায্য করছে বাম-কংগ্রেস, দাবি তৃণমূলের ইউনিয়নের। পাঁচ বছর অন্তর এই নির্বাচন হয়ে থাকে। পাঁচ বছর আগেও এই মজদুর কো-অপারেটিভ সোসাইটির ক্ষমতায় ছিল তৃণমূল প্রভাবিত কলকাতা পুরসভা মজদুর কংগ্রেস। ৩৮টির মধ্যে প্রত্যেকটি আসন দখল করেছিল তৃণমূল। 

পাঁচ বছর আগে যে নির্বাচন হয়েছিল, সেখানে ১৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল প্রভাবিত ইউনিয়ন। এবার ইতিমধ্যেই তা বেড়ে দাঁড়িয়েছে ২৫। যদিও বাম এবং কংগ্রেসের অভিযোগ, মনোনয়ন পেশে বাধা দেওয়া এবং প্রভাব খাটিয়ে তাদের প্রার্থী দিতে বাধা দিয়েছে তৃণমূল। যদিও তৃণমুল ইউনিয়নের দাবি, কোন প্রভাব বা ক্ষমতা খাটানো নয়। এবং কংগ্রেস প্রার্থী খুঁজে পায়নি। তাই অজুহাত তৈরি করার চেষ্টা করছে। যা নিয়ে সরগরম পুরসভার অন্দরের রাজনৈতিক মহল। 

Follow Us