
কলকাতা: হাইকোর্টের নির্দেশে তিনটি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও, ফের নতুন করে চাপে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস (TMC)। একসঙ্গে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ (Bank Account Freeze) করল পুলিশ। তদন্তের স্বার্থে ওই অ্য়াকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই প্রথমে তিনটি ও এবার ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
রাজ্য পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে নতুন করে ১২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে। পুলিশের আবেদন মেনে সেগুলি ফ্রিজ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এর মধ্যে তিনটি আপাতত ব্যবহার করতে পারছে তৃণমূল। ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটি টাকার বেশি টাকা রয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। নতুন করে ফ্রিজ করা ১২টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে।
প্রথমেই পুলিশ ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, যাতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আপাতত ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। যে কোনও দু’জন, যাঁদের সই করার ক্ষেত্রে অনুমোদন আছে, তাঁরাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের খরচপত্র জানানো হবে তাঁকে। কাউন্টার সইও করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার।
সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে।