
কলকাতা: শীতের ইনিংস শেষে বসন্তে তাপমাত্রার ওঠানামা জারি রয়েছে। কখনও কাঠফাটা রোদ তো কখনও শিরশিরে হাওয়া। আর এবার বাংলার আবহাওয়ায় আসতে চলেছে আরও বড় বদল। কালো মেঘে ঢাকছে আকাশ। শুধু বৃষ্টিই নয়, বজ্রপাতের জন্যও প্রস্তুত থাকতে হবে রাজ্যবাসীকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে এমনই আপডেট।
সোমবার থেকেই বদলে যাবে আবহাওয়া, তার আগে রবিবার বিকেলে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে শীঘ্রই। রবিবার দুপুরে হাওয়া অফিসের তরফে দেওয়া আপডেটে জানানো হয়েছে, ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসতে পারে কলকাতা, দুই ২৪ পরগনায়।
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একাধিক জেলায়। তবে সোমবার থেকে পুরোদমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সোম থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
শুধু বৃষ্টিই নয়, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যেহেতু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে, তাই বাজ পড়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূত হবে, আর বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা আরামদায়ক হবে, স্বস্তি পাবেন সাধারণ মানুষ। প্রতিদিনই প্রায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়ছে।