
কলকাতা: রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা রিলায়েন্স গোষ্ঠীর। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রিয়ায়েন্স ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ কর্তারা। বৈঠকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা, শিল্প ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সূত্রের খবর, রাজ্যের বিদ্যুৎ, পরিবহন, চলচ্চিত্র শিল্প, পরিকাঠামো ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স গোষ্ঠী। এদিন রিলায়েন্স গোষ্ঠীর পূর্বাঞ্চলের অধিকর্তা তরুণ ঝুনঝুনওয়ালা-সহ ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। তার আগে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গেও তাঁদের এক প্রস্থ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দফতরের অতিরিক্ত মুখসচিব প্রভাব মিশ্র, পূর্ত সচিব অন্তরা আচার্য, ভূমি ও ভূমি সংস্থার দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু-সহ অন্যান্য আধিকারিকরা।
জানা যাচ্ছে, দিঘাতে একটা কেবল সেন্টারের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উত্তরবঙ্গের ফুটপাথ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে আদানি গোষ্ঠীর সঙ্গেও আলোচনা হয়েছে। রাজ্যে আদানি গোষ্ঠীর হাসপাতালের শিলান্যাসও হয়।
সকালে মুখ্যমন্ত্রী বলেন, “এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে মুম্বই থেকে রিলায়েন্স কোম্পানি টিম পাঠিয়েছে। এই রাজ্যে তারা অনেক বিনিয়োগ করবেন, অনেক কর্মসংস্থান হবে।” পাশাপাশি এদিন শিল্পপতি হর্ষ নেউটিয়ার সঙ্গেও নবান্নে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তবে এটি কেবল সৌজন্য সাক্ষাৎ নাকি কোনও বিনিয়োগের সম্ভাবনা, তা সময় বলবে।