RG Kar Case: আরজি করকাণ্ডে নতুন করে সিট গড়ে তদন্তে কতটা এগোল সিবিআই? কী বলছেন তিলোত্তমার মা?

RG Kar Case Fresh Probe: রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে তিলোত্তমার সহকর্মীদের। আবার তাঁদের বয়ান রেকর্ড হবে। খুনের ঘটনার পর কারা কোনও উদ্দেশ্যে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, তা জানতে তাঁদের পরপর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। এদিন স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রবিবার পশ্চিমবাংলায় সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল এগারোটার সময় তিলোত্তমার স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হবে।

RG Kar Case: আরজি করকাণ্ডে নতুন করে সিট গড়ে তদন্তে কতটা এগোল সিবিআই? কী বলছেন তিলোত্তমার মা?
নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 08, 2026 | 9:34 PM

কলকাতা: রাত পোহালেই সেই নৃশংস ঘটনার দিন। যার জেরে তোলপাড় পড়েছিল রাজ্যে। রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। আরজি কর কাণ্ডের ২ বছর পূরণ হওয়ার আগে ফের উঠছে নানা প্রশ্ন। কবে বিচার পাবে তিলোত্তমার পরিবার? নতুন করে তদন্তে কতটা এগোল সিবিআই? কী বলছেন তিলোত্তমার মা? স্বাস্থ্য ভবন কী পদক্ষেপ করছে? 

২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ২৪ ঘণ্টার মধ্যে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ তদন্তভার নেয় সিবিআই। তারাও সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট দেয়। শিয়ালদহ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দেয়। কিন্তু, তিলোত্তমার পরিবারের দাবি, সঞ্জয় একা এরকম নৃশংস কাজে যুক্ত থাকতে পারে না। এর সঙ্গে আরও বড় মাথা রয়েছে।

রাজ্যে পালাবদলের পর নতুন সরকার তিলোত্তমাকাণ্ড নিয়ে ফের তদন্তের কথা জানায়। আবার তিলোত্তমার পরিবারের আবেদন মেনে সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে সিবিআই নতুন এবং পৃথক স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে। তাতে নতুন অফিসাররা রয়েছেন। সেই অফিসাররা ঘটনার পরম্পরা অনুযায়ী, যাঁদের যাঁদের নাম উঠে আসছে, ফুটেজে দেখা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে তিলোত্তমার সঙ্গে সেদিন রাতে যেসব সহকর্মী খেয়েছিলেন, তাঁদের বয়ান নিয়ে নিজেদের কাছে রাখছে। পাশাপাশি স্বাস্থ্য ভবন যেহেতু পৃথকভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে। স্বাস্থ্য ভবনের তদন্তে যেসব বয়ান উঠে আসবে, সেগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। এরপর দুটো বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। দুটো বয়ানে অসঙ্গতি পাওয়া গেলে তদন্তকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে। বিশেষ তদন্তকারী দল একদম প্রথম থেকে তদন্ত শুরু করেছে যাতে তিলোত্তমার পরিবার সুবিচার পায়। তিলোত্তমার পরিবার যেসব অভিযোগ তুলেছে, সব অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই।

তিলোত্তমার বিচার চেয়ে মিছিল (ফাইল ফোটো)

এদিকে, এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে তিলোত্তমার সহকর্মীদের। আবার তাঁদের বয়ান রেকর্ড হবে। খুনের ঘটনার পর কারা কোনও উদ্দেশ্যে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, তা জানতে তাঁদের পরপর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। এদিন স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামিকাল পশ্চিমবাংলায় সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল এগারোটার সময় তিলোত্তমার স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হবে।

তিলোত্তমার মাও মেয়ের মৃত্যুর পিছনে তাঁর সহকর্মীদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। এদিনও বললেন, “সেই রাতে যে চারজন ওর সঙ্গে খেয়েছিল, তাদের যতক্ষণ না গ্রেফতার করা যাবে, ততক্ষণ এর সুরাহা হবে না। রাতে কেন পোস্টমর্টেম হল? অনেক জিনিস রয়েছে। সব কিছু খতিয়ে না দেখলে আসল অপরাধীদের ধরা যাবে না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us