Ritabrata Banerjee: ‘বৈধ তৃণমূল আমরাই’, আদালতের নির্দেশনামা হাতে নিয়ে বললেন ঋতব্রত

Ritabrata Banerjee TMC Legal Committee: কলকাতার মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবন কার দখলে থাকবে, তা নিয়েও গত কয়েকদিন ধরে জল্পনা চলছে। ঋতব্রতরা একদিন সেখানে গিয়েছিলেন। তালা দিয়ে এসেছিলেন। এদিন ওই ভবন নিয়ে ঋতব্রত বলেন, "অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ মেট্রোপলিটনে তৃণমূল ভবন ব্যবহার করতে পারবে না।"

Ritabrata Banerjee: বৈধ তৃণমূল আমরাই, আদালতের নির্দেশনামা হাতে নিয়ে বললেন ঋতব্রত
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 12, 2026 | 6:29 PM

কলকাতা: একদিকে ‘কালীঘাট তৃণমূল’। অন্যদিকে ঋতব্রত তৃণমূল। এই দুইয়ের মধ্যে আসল তৃণমূল কারা? বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দুই শিবিরে বিভক্ত হওয়ার পর থেকেই এই প্রশ্ন উঠছে। এই আবহে রবিবার সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, গত ২২ জুন তাঁদের গঠিত কমিটিই তৃণমূলের একমাত্র বৈধ কমিটি। একটি মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতের নির্দেশনাম তুলে ধরে একথা বললেন ঋতব্রত। তাঁদের ওই কমিটির বাইরে অন্য কোনও কমিটি নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারে না বলেও জানালেন ঋতব্রত।

কী বললেন ঋতব্রত?

এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, গত ২২ জুন তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেখানে তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত হন অরূপ রায়। আর অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিই তৃণমূলের আইনত একমাত্র বৈধ কমিটি বলে আদালত জানিয়েছে বলে এদিন জানান বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, “সাধারণ তৃণমূল কর্মীরা আলিপুর আদালতে একটি মামলা করেছিলেন। সেই মামলার রায়েই বলা হয়েছে, ২২ জুন যে কমিটি গঠন করা হয়েছে, তা একমাত্র আইনগত বৈধ কমিটি।”

এরপরই ঋতব্রত বলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি বাদে অন্য কেউ নিজেদের পদাধিকারী বললে সেটা মান্যতা পাবে না। পার্টি চালানোর ক্ষেত্রে অবৈধ। দল নিয়ে কোনও নির্দেশ দেওয়া যাবে না। অন্য কেউ পার্টির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ফান্ড, সম্পত্তি ব্যবহার করতে পারবে না।”

কলকাতার মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবন কার দখলে থাকবে, তা নিয়েও গত কয়েকদিন ধরে জল্পনা চলছে। ঋতব্রতরা একদিন সেখানে গিয়েছিলেন। তালা দিয়ে এসেছিলেন। এদিন ওই ভবন নিয়ে ঋতব্রত বলেন, “অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ মেট্রোপলিটনে তৃণমূল ভবন ব্যবহার করতে পারবে না।” তিনি বলেন, মেট্রোপলিটন-সহ তৃণমূলের অন্য পার্টি অফিসগুলিতে বাইরের কেউ ঢুকতে গেলে তা আইনত অবৈধ। সোমবার কিংবা মঙ্গলবার মেট্রোপলিটনে তৃণমূল ভবনে তিনি যাবেন বলে জানিয়ে দিলেন ঋতব্রত।

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তাঁদের শিবিরো যোগ দিচ্ছেন বলে জল্পনা বেড়েছে। এই নিয়ে এদিন ঋতব্রত স্পষ্ট করে দেন, “নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই।” একুশে জুলাই পালন নিয়েও তাঁরা যে কোমর বেঁধে নেমেছেন, এদিন স্পষ্ট করে দিলেন ঋতব্রত। জানিয়ে দিলেন, একুশে জুলাই পালনের জন্য আগামিকাল গান্ধী মূর্তির কাছে জায়গা দেখতে যাবেন। ঋতব্রতদের একুশে জুলাইয়ে কত জন আসবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই নিয়ে এদিন ঋতব্রত জানালেন, “আমি কমিটির সঙ্গে কথা বলে কত লোক আসবে, তার রুটম্যাপ তৈরি করব।”

Follow Us