Sheikh Shajahan: ভদ্রলোকের পর এবার স্বাধীনতা সংগ্রামীর তকমা শাহজাহানকে? শোভনদেব বললেন, ‘ব্রিটিশরাও খুঁজে পাননি’
Sheikh Shajahan: শাহজাহানকে নিয়ে কী ভাবছে তৃণমূল? সূত্রের খবর, শাহজাহান ইস্যুতে আড়াআড়িভাবে বিভক্ত শাসকদল। শাহজাহানকে 'ভদ্র লোক' বলেছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

কলকাতা: ২৫ দিন পার। এখনও অধার শেখ শাহজাহান। তাঁর টিকিও খুঁজে পাচ্ছেন না ইডি আধিকারিক পুলিশরা। প্রশ্ন উঠছে, কেন পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না? প্রশ্ন উঠছে আরও একটাও। শাহজাহানকে নিয়ে কী ভাবছে তৃণমূল? সূত্রের খবর, শাহজাহান ইস্যুতে আড়াআড়িভাবে বিভক্ত শাসকদল। শাহজাহানকে ‘ভদ্র লোক’ বলেছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এবার উল্টো পথে হেঁটে তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, “সব সময়ে সব দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাবে এমন নয়। ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। বহু রাজ্যে অনেক দুষ্কৃতী থাকে, সবাইকে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পায় না পুলিশ।” তবে হেভিওয়েট মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
এর আগে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বললেন, “দলের অস্বস্তির কোনও ব্যাপার নেই। এক জন ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাঁকে না পাই, তাহলে আমাকে অন্য কাউকে দিয়ে খুঁজে পেতে হবে।”
আবার ঠিক এ বিষয়েই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় টেনে আনলেন স্বাধীনতা সংগ্রামী প্রসঙ্গও। তিনি বললেন, “ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিন্যাল ঘুরে বেড়াচ্ছে। সব সময় যে খুঁজে পাবেন, এমন কোনও মানে নেই। তবে এখন অনেক টেকনিক্যাল বিষয় বেরিয়ে গিয়েছে। টেকনোলজির দ্বারা যদি খুঁজে পাওয়া যায়। ” বিষয়টা আবার সামাল দেওয়ার জন্য শোভনদেব বললেন, “এখন শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে আদালত বিচার করবে। তাকে যথাযথ শাস্তি দেবে। সেটাই কাম্য। কোনও রকমভাবে আমি কিংবা আমার দল অপরাধকে প্রশ্রয় দেয় না।”
শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়ার বিষয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি বলেন, ” ধৈর্য ধরতে হবে। আইন আইনের পথে চলবে।”
