SIR in Bengal: কারা প্রথম দফায় ভোট দেবেন? ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
West Bengal assembly election: এ দিন ভোররাতে ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা অ্যাডিশন ও ডিলিশন দুটি তালিকাই প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে যে বুথগুলিতে কোনও নিস্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলেই জানিয়ে দেওয়া হয়েছে ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তির তালিকা নেই। রাজনৈতিক দলগুলি আজ (বুধবার) সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবে।

কলকাতা: ভোর রাতে প্রকাশ করা হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে যাঁরা ‘পাশ’ করলেন, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। তবে প্রথম দফা ভোটের আগে কতজনের নামের নিষ্পত্তি হয়েছে, তা এখনও জানা যায়নি। ভোটাররা এপিক নম্বর দিয়ে জানতে পারবেন, তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কি না।
এ দিন ভোররাতে ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা অ্যাডিশন ও ডিলিশন দুটি তালিকাই প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে যে বুথগুলিতে কোনও নিস্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলেই জানিয়ে দেওয়া হয়েছে ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তির তালিকা নেই। রাজনৈতিক দলগুলি আজ (বুধবার) সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যত জনের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম বাদ যাবে না, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালের সেই তালিকা কখন প্রকাশিত হবে, তা নিয়ে গতকাল দিনভর নানা জল্পনা ছড়ায়। সেই প্রতীক্ষার অবসান হল বুধবার ভোর রাতে।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। সেখানে বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষ ভোটারের নাম। বিবেচনাধীনের তালিকায় থাকা যে ভোটারদের নাম বিচারকদের নির্দেশে ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেন। সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিয়েছিল, ট্রাইব্যুনাল ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। আর ২৭ এপ্রিল ট্রাইব্যুনাল যাঁদের নামের নিষ্পত্তি করবে, তার মধ্যে যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।
