OBC Certificate: ওবিসি তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়, হাইকোর্টের নির্দেশ মেনেই এবার পদক্ষেপ!
Suvendu Adhikari Govt: ২০২৪-এর ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে, ৭৭টি সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত খারিজ হয়ে যায়। তৃণমূল আমলে ওই অনুমোদন দেওয়া হয়েছিল। সমীক্ষা করে তালিকা প্রকাশ করারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

কলকাতা: রাজ্যে পালাবদলের পর বদলেছে অনেক কিছুই। সব ক্ষেত্রেই নিয়ম বা আইন মেনে পদক্ষেপ করার পন্থা নিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। এবার ওবিসি(OBC) তালিকা নিয়েও সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, ওবিসি তালিকা পুনর্বিবেচনা করা হবে।
ঠিক কী বলেছেন অগ্নিমিত্রা?
সোমবার নবান্নের মন্ত্রিসভায় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা জানান অগ্নিমিত্রা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে ও পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) জন্য যে সংরক্ষণ আছে, তা পুনর্বিবেচন করা হবে। উপ-শ্রেণিবিন্যাস বাতিল করে রাজ্য সরকার ওবিসি তালিকার সংশোধন করবে।”
২০২৪-এর ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশ অনুযায়ী, তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, “হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
কী নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট
বাম জমানার শেষ থেকে তৃণমূল আমলের শুরুর দিক পর্যন্ত মোট ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত ২০২৪ সালে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর রাজ্যের তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে মামলা করে। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। ধর্মের ভিত্তিতে এই সব সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে বলেই যুক্তি ছিল আদালতের। আদালতের সেই নির্দেশে, ২০১০ থেকে বিলি হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়।
