Suvendu Adhikari: ‘দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা মমতা, নজর রাখুন গোয়েন্দারা’, বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari attacks Mamata Banerjee: ইন্ডি জোটের বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। পুলিশকে বলব ও গোয়েন্দাকে বলব ভালো করে নজর রাখবেন।"

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি যাত্রা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজ, মঙ্গলবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের প্রসঙ্গ তুলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গোয়েন্দাদের নজর রাখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতাকে নিশানা করে তুললেন বিস্ফোরক অভিযোগও।
মমতাকে আক্রমণ করে কী বললেন শুভেন্দু?
ইন্ডি জোটের বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। পুলিশকে বলব ও গোয়েন্দাকে বলব ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী শক্তির যেন বৈঠক না হয়। দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আরেক হাতে দিমাগি নকশাল, দুইজনকে নিয়ে চলছেন।”
আজাদি স্লোগান নিয়ে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে শ্রীরামপুরের সভা থেকে মমতা বলেছিলেন, “শনিবার শ্রীরামপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও ফুটবলার প্রতীক পাওয়ার পর শনিবারই ছিল প্রথম জনসভা। সেই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “কেন আজাদি বলবে না, ১০০ বার বলবে। আজাদি মানে তো স্বাধীনতা। তা কেন বলা যাবে না?”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জবাবে শুভেন্দু বলেন, “যারা দেশের ভিতরে থেকে আজাদি বলছে, তাদের সতর্ক থাকতে হবে। গতকাল ১৫০ জন লোককে নিয়ে সভা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন আজাদি। আজাদি মানে স্বাধীনতা। সেই স্বাধীনতা ১৯৪৭-এ মিলেছে। এই ধরনের কথা যারা বলবে, রাষ্ট্রবাদী জনতা তাদের উপড়ে ফেলে দেবে।”
উল্লেখ্য, ইন্ডি জোটের বৈঠক উপলক্ষে আজ দিল্লির উদ্দেশে রওনা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, “নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডি জোটের বৈঠক রয়েছে, সেজন্যই দিল্লি যাচ্ছি।”
