Taslima on Seikh Hasina: হাসিনার আমলে নির্বাসন, এবার সেই হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আবেদন তসলিমার
Taslima Nasrin urges for Sheikh Hasina's Return: প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন তসলিমা। শনিবার রবীন্দ্রসদনে তাঁর একটি বই প্রকাশিত হয়েছে। আজ অ্যাকাডেমিতে গিয়েছিলেন তসলিমা। সেখানে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পক্ষে সওয়াল করেন। তাঁর মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিজের দলকে নেতৃত্ব দেওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।

কলকাতা: এপার বাংলা থেকে ওপার বাংলাকে বার্তা লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। আওয়ামি লিগের (Awami Legue) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন নির্বাসিত তসলিমার। হাসিনাকেও (Seikh Hasina) বাংলাদেশে ফেরানোর বার্তা দিয়েছেন তিনি। অথচ শেখ হাসিনার আমলেই বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছিলেন লেখিকা। আজ তিনিই সেই হাসিনাকে ফেরানোর আবেদন করেছেন তারেক সরকারের কাছে।
প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন তসলিমা। শনিবার রবীন্দ্রসদনে তাঁর একটি বই প্রকাশিত হয়েছে। আজ অ্যাকাডেমিতে গিয়েছিলেন তসলিমা। সেখানে এক সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পক্ষে সওয়াল করেন। তাঁর মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিজের দলকে নেতৃত্ব দেওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।
আওয়ামি লিগের ব্যানের বিরুদ্ধে তসলিমা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তসলিমা বলেন,”যেভাবে আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। আওয়ামি লিগকে নিষিদ্ধ করাও সম্পূর্ণ অগণতান্ত্রিক। দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।” তাঁর কথায়, হাসিনার সমালোচনা করলেও আওয়ামি লিগের ব্যানের বিরুদ্ধে তিনি। আওয়ামি লিগের প্রচুর নেতা-কর্মীকে অত্যাচার করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এগুলো করে গণতন্ত্রের বরাই করা যায় না। আওয়ামি লিগের নির্বাসিত নেতাদেরও দেশে ফেরানোর আবেদন করা হয়েছে।
কলকাতায় ফেরার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ
১৯ বছর পর কলকাতায় ফিরে আসার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তসলিমা। তিনি বলেন,”১৯ বছর পর কলকাতায় আমাকে আমন্ত্রণ জানানোর মধ্যে আমি কোনও রাজনীতি দেখি না। নতুন সরকার আমার নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
জয় গোস্বামীকে নিয়ে কী বললেন?
রবীন্দ্রসদনে আয়োজিত অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তসলিমা। বলেন,”খুব খারাপ লেগেছে। এটা শুধু জয় গোস্বামীর অপমান নয়, আমারও অপমান। মতবিরোধ থাকতে পারে, কিন্তু প্রত্যেকেরই কথা বলার অধিকার রয়েছে। আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”
