TMC: মাত্র ৩টি অ্যাকাউন্টেই ৪৪০ কোটি টাকা! বিপদের পর বিপদ মমতা-অভিষেকের

TMC Accounts Frozen: জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ। বিধাননগর সাইবার ক্রাইম থানার তরফে তিনটি বেসরকারি ব্যাঙ্কে চিঠি দেওয়া হয়। তিনটি পার্টিকুলার অ্যাকাউন্টের কথা উল্লেখ করে চিঠি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ওই তিনটি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, কাটমানি থাকার সন্দেহ করা হচ্ছে।

TMC: মাত্র ৩টি অ্যাকাউন্টেই ৪৪০ কোটি টাকা! বিপদের পর বিপদ মমতা-অভিষেকের
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজImage Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2026 | 10:40 PM

কলকাতা: বিপদ আরও বাড়ল তৃণমূলের। বিপর্যয়ের সময়ে ফ্রিজ হয়ে গেল দলের অ্যাকাউন্ট। জানা যাচ্ছে, বৃহস্পতিবার তৃণমূলের তিনটি অ্যাকাউন্টের মোট ৪৪০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। জয়নগরের বিধায়কের অভিযোগের ভিত্তিতে  বিধাননগর সাইবার ক্রাইম থানা বেসরকারি ব্যাঙ্কে চিঠি দেয়। ওই তিনটি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, কাটমানি থাকার সন্দেহ করা হচ্ছে। আর তার ভিত্তিতেই তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট তিনটি ফ্রিজ করার আবেদন জানানো হয়। ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করায়, সেখান থেকে আর কোনও টাকা তোলা যাবে না।

তৃণমূলের এই বিপর্যয়ের দিনে ‘ফান্ড’ অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় হয়ে উঠছিল। গত দু’দিনে তৃণমূলের ফান্ডে কাদের অধিকার, তা নিয়ে বিস্তর চর্চা চলেছে ঋতব্রতপন্থীদের সঙ্গে মমতাপন্থীদের। অরূপ বিশ্বাস গত ১২ জুন তৃণমূলের ফান্ড বন্ধের আর্জি জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। যদিও সেই চিঠি গৃহীত হয়নি। কারণ ৫ জুনই তৃণমূল অরূপকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে দলের কোষাধ্যক্ষের দায়িত্ব দিয়েছে। তাও সমস্ত আইনি পদ্ধতি মেনেই। গত দুদিনে বিষয়টি প্রকাশ্যে আসার পর বিস্তর চর্চা চলে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রায় ‘বাহন’ বিতর্ক।

সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফান্ড প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, “অ্যাকাউন্টে যে টাকা…এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এটা যে তোলাবাজির টাকা নয়…নানা ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে টাকা…ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট …হয়তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের বিধায়করা বিধাননগরে অভিযোগ দায়ের করেছে।” তারইমধ্যেই তৃণমূলের ফান্ড ফ্রিজের পদক্ষেপ পুলিশের।

 

Follow Us