Abhishek Banerjee: টালামাটাল তৃণমূলের অবস্থা, এই মুহূর্তে বিদেশ যেতে চান অভিষেক
Abhishek Banerjee Foreign Travel Permission: ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক।

কলকাতা: তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। বিধানসভা ভোটে ঘাসফুল শিবিরের ভরাডুবির জন্য দলেরই অনেকে তাঁর দিকে আঙুল তুলছেন। এই আবহে চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন জানিয়েছেন তিনি। প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়েছেন। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে রাজ্যের তদন্তকারী সংস্থা অভিষেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বছর তিনেক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বিদেশে যাওয়ার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানাতে হবে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে। চোখের চিকিৎসার জন্য সেইসময় বিদেশ যেতে চেয়ে ইডিকে চিঠি দিয়েছিলেন। পরে অভিষেক সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, ইডির তরফে কোনও উত্তর আসেনি। সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে বিদেশে গিয়েছিলেন অভিষেক।
এবার ছাব্বিশের নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেককে নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। চোখের চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। এখন দেখার, আদালতে সেই অনুমতি দেয় কি না।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসা করিয়েছেন। একাধিকবার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে।
তবে অভিষেক যে সময় বিদেশে যেতে চাইছেন, সেইসময় তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নাম ও প্রতীক চলে যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
