
কলকাতা: রাজ্যের কোষাগারে খরচ করার মতো যথেষ্ট অর্থ রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করার ফাঁকেই রাজ্যের আর্থিক অবস্থা এবং পূর্বতন সরকারের অর্থসংকটের ক্ষেত্রে খাঁড়া করা তত্ত্বের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক মঞ্চ থেকে রাজ্যের আর্থিক সংকট ও কোষাগারের শূন্যতার কথা তুলে ধরতেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর পেছনে মূলত পূর্বতন সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার যুক্তি দেওয়া হত। যদিও তখন থেকেই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করতেন যে ‘ভাঁড়ার শূন্য’-র তত্ত্ব আসলে আর্থিক অব্যবস্থাপনা ও উন্নয়নের ব্যর্থতা ঢাকার কৌশল মাত্র।
রবিবার সেই প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী জানান, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার যে অর্থ দিয়ে রেখেছে, তা নিয়েই কাজ চলছে। উন্নয়নে অর্থ খরচের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, “আগের সরকার সিআরএফ (CRF), এসডিআরএফ (SDRF)-এর টাকা খরচই করেনি। দমকলের গাড়ি যেখানে ঢোকে না, সেখানে ব্যবস্থা হয়েছে। ওয়াটার অ্যাম্বুলেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অর্জুন বাহিনী তৈরি হয়েছে। রতুয়ায় ২৪০ কোটি টাকা দেওয়া হয়েছে।”
পূর্বতন সরকারের অর্থসংকটের দাবি ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “ইউসি, ইউটিলাইজেশন সার্টিফিকেট (UC)-ই দিতে পারেনি আগের সরকার। ইউসি দিতে না পারলে টাকা কোথা থেকে আসবে। টাকা দেওয়ার জন্য তো ভারত সরকার বসে রয়েছে। আমরা কাজ করছি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে।” আর্থিক শৃঙ্খলা ও নিয়মকানুনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অর্থ যাকে তাকে দেওয়া যায় না। ফিনান্সিয়াল ডিসিপ্লিন রয়েছে। এলাকার কত পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হলে, তাকে ক্ষতিপূরণ দেওয়া যায়, তারও একটা ভারত সরকারের গাইডলাইন রয়েছে।” পাশাপাশি তিনি জানান, এখনও ভারত সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার মতো খরচ বর্তমান রাজ্য সরকার করে উঠতে পারেনি, তবে গত তিন মাসে যতটুকু খরচ হয়েছে তা দিয়েই কাজ এগোচ্ছে।