গরমে চুলের অবস্থা বেহাল? শ্যাম্পু ছাড়াই ফুরফুরে চুল পান এভাবে

অনেক সময় দেখা যায় পুরো চুল ঠিক থাকলেও মাথার তালুর কাছে চুল বেশি তেলতেলে হয়ে গিয়েছে। এর মূল কারণ হল স্ক্যাল্পে অতিরিক্ত 'সেবাম' উৎপাদন। শ্যাম্পু না করে এটি দূর করার সহজ উপায় হল টিস্যু পেপার বা ব্লটিং পেপার। সিঁথি করে টিস্যু পেপার দিয়ে হালকা চাপে স্ক্যাল্পের তেল মুছে নিন। এতে অতিরিক্ত তেল শুষে নেবে আর চুল দেখাবে একদম ফ্রেশ।

গরমে চুলের অবস্থা বেহাল? শ্যাম্পু ছাড়াই ফুরফুরে চুল পান এভাবে

Apr 01, 2026 | 5:33 PM

ভ্যাপসা গরম আর ঘাম—এই দুইয়ের জন্য নাজেহাল অবস্থা হয় চুলের। সকালে শ্যাম্পু করে বেরোলেও অনেকেরই বিকেলের মধ্যেই চুল হয়ে যায় তেলতেলে আর চ্যাটচ্যাটে। রোজ রোজ শ্যাম্পু করলে আবার চুল পড়ার ভয় থাকে, কারণ কেমিক্যাল ব্যবহারের ফলে মাথার তালু বা স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু তাই বলে কি এই চটচটে ভাব নিয়েই ঘুরতে হবে? একদমই নয়! শ্যাম্পুর ঝামেলা ছাড়াই গরমে আপনার চুলকে একদম ফ্রেশ আর সিল্কি রাখার জন্য রয়েছে দারুণ কিছু সহজ উপায় রয়েছে।

টিস্যু পেপার

অনেক সময় দেখা যায় পুরো চুল ঠিক থাকলেও মাথার তালুর কাছে চুল বেশি তেলতেলে হয়ে গিয়েছে। এর মূল কারণ হল স্ক্যাল্পে অতিরিক্ত ‘সেবাম’ উৎপাদন। শ্যাম্পু না করে এটি দূর করার সহজ উপায় হল টিস্যু পেপার বা ব্লটিং পেপার। সিঁথি করে টিস্যু পেপার দিয়ে হালকা চাপে স্ক্যাল্পের তেল মুছে নিন। এতে অতিরিক্ত তেল শুষে নেবে আর চুল দেখাবে একদম ফ্রেশ।

ঘরোয়া হেয়ার মিস্ট 

গরমের দিনে চুলে একটা সুন্দর রিফ্রেশিং ভাব আনতে হেয়ার মিস্ট দারুণ কাজ করে। দোকান থেকে না কিনে বাড়িতেই এটি বানিয়ে নেওয়া সম্ভব। ১০-১৫টি পুদিনা পাতা কুচিয়ে এক কাপ গোলাপ জলে মিশিয়ে নিন। সঙ্গে দু-তিন ফোঁটা এসেনশিয়াল অয়েল (যেমন ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল) দিতে পারেন। এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে চুলে হালকা করে ছড়িয়ে দিন। এটি শুধু ঘামের গন্ধই দূর করবে না, চুলে এনে দেবে আলাদা জেল্লা।

অ্যাপেল সাইডার ভিনেগার

বারবার শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। এর বদলে ব্যবহার করুন ‘হেয়ার রিন্স’। এক মগ জলে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের পিএইচ (pH) ব্যালেন্স ঠিক রাখে এবং শ্যাম্পু ছাড়াই চুল গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।

ড্রাই শ্যাম্পু

বাইরে বেরোনোর তাড়া থাকলে এবং হাতে সময় কম থাকলে লিকুইড শ্যাম্পুর বদলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুলের গোড়ায় সামান্য ড্রাই শ্যাম্পু স্প্রে করে কয়েক মিনিট রেখে দিন, তারপর ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এটি চুলের গোড়ার তেল শুষে নিয়ে চুলে তাৎক্ষণিক ভলিউম যোগ করে।

গরমে বাইরে বেরোনোর সময় অবশ্যই স্কার্ফ বা টুপি ব্যবহার করুন। এটি কড়া রোদ আর ধুলোবালি থেকে আপনার চুলকে রক্ষা করবে। মনে রাখবেন, সরাসরি স্ক্যাল্পে কন্ডিশনার ব্যবহার করা এড়িয়ে চলাই ভালো, এতে চুল আরও দ্রুত তেলতেলে হয়ে যায়।

Follow Us