একদিন শ্যাম্পু না করলেই স্ক্যাল্পে তেলতেলে হয়ে যায়? ৪ টোটকায় দূর করুন মাথার চিটচিটে ভাব
Oily Scalp and Hair: খুশকি না হলেও চিটচিটে স্ক্যাল্পের সমস্যা সবচেয়ে বেশি ভোগায়। যে দিন শ্যাম্পু করেন, শুধু সেই দিনই স্ক্যাল্প তরতাজা দেখায়। আবার পরদিন স্ক্যাল্পে তেলতেলে ভাব। তাই একদিন অন্তর শ্যাম্পু না করে উপায় থাকে না। তৈলাক্ত স্ক্যাল্পে চটজলদি ময়লা ধরে নেয়। পাশাপাশি খুশকি ও চুলকানির সমস্যা দেখা দেয়।

শীতকালের সবচেয়ে কমন সমস্যা হল খুশকি। নাছোড়বান্দা খুশকি তাড়াতে কালঘাম ছুটে যায়। তাতেও ঋতু ঘুরে চলে আসে খুশকি। অনেকের ক্ষেত্রে খুশকি না হলেও চিটচিটে স্ক্যাল্পের সমস্যা সবচেয়ে বেশি ভোগায়। যে দিন শ্যাম্পু করেন, শুধু সেই দিনই স্ক্যাল্প তরতাজা দেখায়। আবার পরদিন স্ক্যাল্পে তেলতেলে ভাব। তাই একদিন অন্তর শ্যাম্পু না করে উপায় থাকে না। স্ক্যাল্পে তেল উৎপাদনকারী গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি থেকে যে তেল উৎপাদন হয়, তার জেরেই স্ক্যাল্প ও চুল তৈলাক্ত হয়ে যায়। তৈলাক্ত স্ক্যাল্পে চটজলদি ময়লা ধরে নেয়। পাশাপাশি খুশকি ও চুলকানির সমস্যা দেখা দেয়। এই অবস্থায় তৈলাক্ত স্ক্যাল্প ও চুলের কীভাবে যত্ন নেবেন, রইল টিপস।
তুলসি পাতা: ছাদবাগানের তুলসি পাতা স্ক্যাল্প ও চুল পরিষ্কার করতে সাহায্য করে। পাশাপাশি স্ক্যাল্পের প্রদাহ কমায়, রক্ত সঞ্চালন উন্নত করে এবং খুশকি ও অন্যান্য সমস্যাকে দূরে রাখে। তাজা তুলসি পাতা বেটে স্ক্যাল্পে ও চুলে লাগান। ঘণ্টাখানেক রেখে চুল ও স্ক্যাল্প ধুয়ে ফেলুন।
নিম পাতা: নিম পাতা স্ক্যাল্প পরিষ্কার করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি খুশকির বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। নিম পাতার গুঁড়োতে অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
রিঠা: স্ক্যাল্প ও চুল পরিষ্কারের ক্ষেত্রে সবসময় কাজে আসে রিঠা। রিঠার গুঁড়ো নিয়ে জলের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ৩০ মিনিট মতো। এটি স্ক্যাল্প ও চুল থেকে সমস্ত তেল ও ময়লা পরিষ্কার করে দেবে। রিঠার গুঁড়ো যে কোনও হেয়ার প্যাকে মিশিয়েও আপনি ব্যবহার করতে পারেন।
মুলতানি মাটি: ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করতে অনেকেই মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করেন। একইভাবে, মুলতানি মাটি স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করতেও কার্যকর। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এটি স্ক্যাল্পে মেখে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এটি স্ক্যাল্প ও চুল থেকে তেল ও ময়লা পরিষ্কার করে দেবে।
