
রান্নার গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে এসেছে? ফোনে চটজলদি বুকিং সেরে ফেলার কথা ভাবছেন? তাহলে এখনই সাবধান হোন। আপনার সামান্য অসতর্কতার সুযোগ নিতে ওত পেতে বসে আছে সাইবার অপরাধীরা। ডিজিটাল ইন্ডিয়ার যুগে জীবন যতটা সহজ হয়েছে, ঠিক ততটাই বেড়েছে জালিয়াতির ভয়। সম্প্রতি জম্মু ও কাশ্মীরসহ দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি (LPG) গ্রাহকদের টার্গেট করে এক ভয়ঙ্কর প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। মুহূর্তের অসতর্কতায় আপনার কষ্টার্জিত টাকা নিমেষে গায়েব করে দিচ্ছে এই চক্র।
কীভাবে বিছানো হচ্ছে জাল?
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই জালিয়াতি মূলত শুরু হয় আপনার ফোনে আসা একটি মেসেজ বা ফোন কলের মাধ্যমে। জালিয়াতির ধরণগুলো বেশ আধুনিক। কখনও আপনার ফোনে মেসেজ আসবে— “গ্যাস বুকিংয়ে আকর্ষণীয় ছাড় পান”, আবার কখনও ফোনে বলা হবে— “আপনি ভিআইপি কোটায় আগে গ্যাস পাবেন”। গ্রাহকদের প্রলুব্ধ করতে ব্যবহার করা হচ্ছে ভুয়ো এলপিজি বুকিং ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং সরাসরি ফোন কল।
মূল ফাঁদ হল লিঙ্ক। আপনি যেই সেই লিঙ্কে ক্লিক করবেন, অমনি আপনার থেকে ওটিপি (OTP), ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কিংবা ইউপিআই পিন (UPI PIN) চাওয়া হবে। একবার এই গোপন তথ্য তাঁদের হাতে চলে যাওয়া মানেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ হতে বেশিক্ষণ লাগবে না।
এই সাইবার অপরাধীরা এতটাই চতুর যে এরা গ্যাসের ওয়েব সাইট হুবহু নকল করে নিচ্ছে, যা দেখে আসল না নকল আপনি ধরতেই পারবেন না। সাইবার অ্যানালিস্টদের দাবি, “মানুষ এই রকম ফোন এলে মনে করছেন তাঁরা তাঁদের নিজস্ব গ্যাস প্রোভাইডারের সঙ্গেই কথা বলছে, তাই তাঁরা গোপন তথ্য শেয়ার করে ফেলছেন। আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা।”
বাঁচবেন কীভাবে? কয়েকটি জরুরি পরামর্শ
ভারত সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং গ্যাস ডিস্ট্রিবিউটররা বারবার সতর্কবার্তা জারি করছেন। সুরক্ষায় যা যা মাথায় রাখবেন:
অফিশিয়াল অ্যাপ ব্যবহার: গ্যাস বুকিংয়ের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব অ্যাপ বা ভেরিফায়েড ওয়েবসাইট ব্যবহার করুন।
গোপন তথ্য শেয়ার নয়: কোম্পানি থেকে ফোন করা হয়েছে বলে দাবি করলেও কখনওই কাউকে ফোনে ওটিপি বা পিন নম্বর দেবেন না।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন: আপনার ব্যাঙ্কিং অ্যাপে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। এতে বাড়তি সুরক্ষা পাওয়া যায়।
রিপোর্ট করুন: কোনও সন্দেহজনক কল বা মেসেজ এলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক এবং স্থানীয় সাইবার ক্রাইম থানায় জানান।
মনে রাখবেন, সচেতনতাই এই লড়াইয়ের সেরা অস্ত্র। আপনার একটি ভুল পদক্ষেপের জন্য আপনার সারা জীবনের সঞ্চয় ঝুঁকির মুখে পড়তে পারে। তাই অনলাইনে গ্যাস বুকিংয়ের সময় অতি অবশ্যই যাচাই করে নিন লিঙ্কের সত্যতা।