
ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার… খেতে বসলে জল ছাড়া যেন চলে না! এই তালিকায় থাকা ব্যক্তিদের সংখ্যা অনেক। খাবার খেতে খেতে জল খাওয়া নিয়ে নানা মানুষের মনে নানা ধরনের ভুল ধারণা রয়েছে। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, তা হলে খাবার খেতে খেতে অল্প পরিমাণে জল খেলে কিন্তু বিরাট ক্ষতি কিছু হয় না। তবুও জেনে নেওয়া ভাল এ বিষয়ে চিকিৎসকরা কী বলছেন।
যে কোনও জিনিসের একদিকে যেমন উপকার রয়েছে, তেমনই অপরদিকে রয়েছে অপকার। খেতে বসে জল পান করা নিয়ে কিছু উপকারিতার কথা প্রথমেই জানানো যাক। যেমন- খাবার খাওয়ার সময় প্রয়োজন বোধে অল্প জল খেলে হজমে সাহায্য হয়। আসলে জল যে কোনও খাবারকে নরম করতে সহায়তা করে। সেইসঙ্গে পাকস্থলীতে খাদ্য ভেঙে দিতেও সুবিধা হয়। এ ছাড়া শুকনো বা শক্ত খাবার খাওয়ার সময় যদি কেউ অল্প জল খান, তা হলে সেই খাবার গিলতেও সুবিধে হয়। ওজন কমানোর ক্ষেত্রেও কাজ করে এই ট্রিকস। আসলে যারা ওজন কমানোর কথা ভাবছেন, তারা খাবার খেতে খেতে জল খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য হয়।
মনে রাখতে হবে, যেন কোনওভাবেই খাবার খাওয়ার সময় অতিরিক্ত জল পান করবেন না। এমন করলে শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে। যেমন – কেউ যদি খাবার খেতে খেতে খুব বেশি জল খেলে ফেলেন, তা হলে পাকস্থলীর হজম রস পাতলা হয়ে গিয়ে হজমক্রিয়া অনেকটাই ধীর হয়ে যায়। এ ছাড়া খাবার খাওয়ার সময় একবারে যদি অনেকটা জল খাওয়া হয়, তা হলে পেটের মধ্যে অস্বস্তি ভাব হতে পারে। শুধু তাই নয়, গ্যাস বা ফোলাভাবও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার সময় নয়, কোনও খাবার খাওয়ার পর জল খেলে হজমক্রিয়া ভাল হয়। চিকিৎসকরা বলেন, খাবার খেতে খেতে জল খেলে বা খাবার খাওয়ার আধ ঘণ্টা আগে জল যদি খাওয়া যায়, তা হলে শরীরে নানা প্রভাব পড়তে পারে। চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন। তাঁদের কথায়, খাবার খাওয়ার সময় একসঙ্গে ভুল করেও ১-২ গ্লাস জল খাওয়া উচিত নয়। এ ছাড়া ঠান্ডা জল খাওয়া মোটেও ঠিক নয়। সেইসঙ্গে যদি একান্তই প্রয়োজন না হয়, তা হলে খাবার খাওয়ার সময় জল না খাওয়ার পরামর্শই বারবার দিচ্ছেন বিশেষজ্ঞরা।