AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trisha Krishnan Sheet Mask Secrets: হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করা কতটা নিরাপদ? বিশদে জানালেন চিকিৎসক

Hydrating Sheet Mask: বিমানে উড়লে, বা শুষ্ক আবহাওয়ায় ত্বক খসখসে হয়ে যায়? তৃষা কৃষ্ণণ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের এই সমস্যার আসল সমাধান কিন্তু শিট মাস্ক! তবে ভুল উপায়ে ব্যবহার করলে ক্ষতি হতে পারে আপনার ত্বকেরও। বিশদে জানালেন চর্মরোগ বিশেষজ্ঞ।

Trisha Krishnan Sheet Mask Secrets: হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করা কতটা নিরাপদ? বিশদে জানালেন চিকিৎসক
কী বলছেন চিকিৎসক?
| Updated on: Jul 30, 2026 | 2:57 PM
Share

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণণ (Trisha Krishnan) সম্প্রতি তাঁর সোশাল মিডিয়ায় বিমানের ভেতরের একটি রিল শেয়ার করতেই তা রাতারাতি নেটিজেনদের নজর কেড়েছে। সেখানে দেখা গিয়েছে, মাঝ আকাশে আরামসে চেয়ারে হেলান দিয়ে মুখে লাগিয়ে রেখেছেন একটি হাইড্রেটিং শিট মাস্ক (Hydrating Sheet Mask)। শুধু তৃষাই নন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিশ্বখ্যাত তারকাদেরও বিমানে উড়লেই এই শিট মাস্ক লাগিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে বারবার। কিন্তু প্রশ্ন হল, স্রেফ স্টাইল স্টেটমেন্টের জন্য? নাকি মাঝআকাশে হাজার হাজার ফুট ওপরে সত্যি সত্যিই এই ধরনের মাস্ক ত্বকের কোনও কাজে আসে?

আসল সত্যিটা খোলসা করেছেন ‘আকিয়া এস্টেটিকস’ (Akiya Aesthetics)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ড. রূপিকা সিং (Dr Rupika Singh)। এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “বিমানের কেবিনের মতো শুষ্ক পরিবেশে হাইড্রেটিং বা জেল-ভিত্তিক শিট মাস্ক ত্বকের আর্দ্রতা সাময়িকভাবে বাড়াতে পুরোপুরি নিরাপদ।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “একটি হাইড্রেটিং শিট মাস্ক ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বক যে টানটান হয়ে খসখসে বোধ হয়, তা কমায় এবং দীর্ঘ ও ক্লান্তিকর ফ্লাইট শেষেও ত্বককে নরম ও আরামদায়ক রাখে। এটি কেবিনের কম আর্দ্রতাজনিত ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করতে দারুণ কাজ করে।”

তবে যেকোনও মাস্ক মুখে লাগিয়ে নিলেই কিন্তু কাজ হবে না। ড. সিং সতর্ক করে জানিয়েছেন, বিশেষত বিমানযাত্রার সময় এক্সফোলিয়েটিং কেমিক্যাল, চারকোল, ক্লে-মাস্ক, স্ট্রং অ্যাক্টিভস বা পিল-অফ মাস্ক ভুল করেও ব্যবহার করা উচিত নয়। এতে ত্বকে জ্বালা বা ইনফ্লামেশন হতে পারে। তার বদলে হাইয়ালুরোনিক অ্যাসিড, সেরামাইড, গ্লিসারিন, অ্যালোভেরা বা প্যানথেনল যুক্ত মাস্ক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

ফ্লাইটে কীভাবে করবেন সঠিক স্কিন কেয়ার?

পরিচ্ছন্নতা আগে: বিমানে মাস্ক লাগানোর আগে হাত ভালো করে পরিষ্কার করে নেওয়া জরুরি, না হলে হাতে থাকা জীবাণু মুখে আটকে হিতে বিপরীত হতে পারে।

সময়ের খেয়াল রাখুন: প্যাকের গায়ে যদি ২০ মিনিট লেখা থাকে, তবে ঠিক ততটুকু সময়ই মুখে রাখুন। বেশিক্ষণ রেখে দেওয়া একদম উচিত নয়।

পরবর্তী পদক্ষেপ: মাস্ক তোলার পর অবশিষ্ট সিরাম মুখে আলতো করে মাসাজ করে নিন। এরপর কয়েক ফোঁটা ফেসিয়াল সিরাম, একটি ভালো ময়েশ্চারাইজার এবং অন্তত এসপিএফ ৩০ (SPF 30) যুক্ত সানস্ক্রিন লাগিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন। শুধু বিমান বলেই নয়, যেকোনও সময় শিট মাস্ক ব্যবহার করার আগে এই নিয়ম গুলো মেনে চলুন।

তবে যাদের আগে থেকেই ত্বকে মারাত্মক কোনও সমস্যা রয়েছে, কিংবা যাদের ত্বক ভীষণই স্পর্শকাতর, ড. সিং তাঁদের শীট মাস্ক এড়িয়ে সরাসরি ডার্মাটোলজিস্টের পরামর্শমতো প্রোডাক্ট ব্যবহার করার কথা বলেছেন। তাঁদের জন্য শুধু একটি ভালো সেরামাইড-যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করাই যথেষ্ট। পাশাপাশি বিমানে ওঠার আগে মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া, পর্যাপ্ত জল খাওয়া, মদ্যপান এড়িয়ে চলা এবং ঘন ঘন মুখে হাত না দেওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

Follow Us