How To Make Soft Rumali Roti At Home: ঘরেই তৈরি করে ফেলুন নরম তুলতুলে রুমালি রুটি, কায়দাটা খুব সহজ
Home Recipe Rumali Roti: দু’দিক সেঁকা হয়ে গেলে তাওয়ার ওপরই রুটিটি রুমালের মতো চার ভাঁজ করে তুলে নিন। চিকেন ভর্তা, পনিরের পদ কিংবা যেকোনও পছন্দের তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন নরম রুমালি রুটি।

কাগজের মতো পাতলা অথচ তুলোর মতো নরম রুমালি রুটি খেতে ভালোবাসেন না, এমন মানুষ কমই আছেন। বিয়েবাড়ি বা রেস্তোরাঁয় এই রুটির চাহিদা বরাবরই তুঙ্গে থাকলেও বাড়িতে তৈরি করতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন— কখনও রুটি শক্ত হয়ে যায়, আবার কখনও তাওয়ায় আটকে ছিঁড়ে যায়। তবে ময়দা ও আটার সঠিক মাপ, দুধ দিয়ে মণ্ড মাখা এবং উল্টানো তাওয়ায় নুন-জলের কৌশল মানলে খুব সহজেই ঘরে বসে রেস্তোরাঁর মতো রুমালি রুটি তৈরি করা সম্ভব।
কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্রে দেড় কাপ ময়দা ও আধা কাপ আটা নিন। আটা ও ময়দার এই মিশ্রণে রুটি যেমন নরম ও হালকা হয়, তেমনই হজমেও সুবিধা হয়। এতে স্বাদমতো নুন, ১ চা চামচ চিনি এবং দেড় চা চামচ তেল মেশান। চিনি ও তেল রুটির কোমলতা দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে এবং হালকা সোনালি রং আনে।
জলের বদলে অল্প অল্প করে দুধ দিয়ে নরম মণ্ড তৈরি করে নিন। এরপর হাতের তালু দিয়ে ৮ থেকে ১০ মিনিট ধরে ভালো করে ঠেসে ঠেসে ময়ান দিন, যতক্ষণ না মণ্ডটি বেশ মসৃণ ও নমনীয় হয়ে ওঠে। এতে স্থিতিস্থাপকতা তৈরি হয়, ফলে বেলার সময় রুটি সহজে ছিঁড়ে যায় না। মণ্ডটি ঢেকে বা ভেজা সুতির কাপড়ে মুড়ে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর হালকা হাতে আরও একবার মেখে মাঝারি আকারের সমান লেচি কেটে নিন।
সামান্য শুকনো আটা ছড়িয়ে প্রতিটি লেচি সমান চাপে বেলে নিন। লক্ষ্য রাখবেন, রুটি যেন যথেষ্ট পাতলা ও প্রায় স্বচ্ছ হয় এবং কিনারাগুলো যেন মোটা না থাকে। বেলা হয়ে গেলে দুই হাতের তালুর ওপর রেখে আলতো টানে আরও কিছুটা বড় ও পাতলা করে নিতে পারেন।
অন্যদিকে, একটি ভারী তলার লোহার তাওয়া উল্টো করে গ্যাসে বসিয়ে উচ্চ আঁচে গরম করুন। তাওয়া গরম হলে সামান্য নুন-জল ছিটিয়ে একটি কাপড় দিয়ে মুছে নিন। এর ফলে তাওয়ার আঠালো ভাব কেটে যাবে, রুটি আটকাবে না এবং তাপ সবদিকে সমানভাবে ছড়াবে।
গরম উল্টানো তাওয়ায় রুটি বিছিয়ে দিন। ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করলে পরিষ্কার সুতির কাপড় দিয়ে আলতো করে চেপে ধরুন। কয়েক সেকেন্ড পর উল্টে অপর পিঠও হালকা সেঁকে নিন। খুব বেশি সময় আঁচে রাখলে রুটি শক্ত হয়ে যেতে পারে, তাই সেদিকে খেয়াল রাখা জরুরি।
দু’দিক সেঁকা হয়ে গেলে তাওয়ার ওপরই রুটিটি রুমালের মতো চার ভাঁজ করে তুলে নিন। চিকেন ভর্তা, পনিরের পদ কিংবা যেকোনও পছন্দের তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন নরম রুমালি রুটি।
