নকল দুধ খেয়ে মৃত ১৩! আসল দুধ চিনবেন কীভাবে?

দুধের ঘনত্ব বাড়াতে অসাধু ব্যবসায়ীরা হামেশাই স্টার্চ বা মাড় মেশায়। এটি পরীক্ষা করার জন্য দুধ প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর একটি পাত্রে ২-৩ মিলিলিটার দুধ নিয়ে তাতে দু-এক ফোঁটা আয়োডিন সলিউশন মেশান। যদি দেখেন দুধের রং নীলচে হয়ে গিয়েছে, তবে নিশ্চিত থাকুন এতে স্টার্চ মেশানো রয়েছে। খাঁটি দুধ হলে রং বদলাবে না।

নকল দুধ খেয়ে মৃত ১৩! আসল দুধ চিনবেন কীভাবে?

Mar 15, 2026 | 6:36 PM

দিনে এক গ্লাস টাটকা দুধ মানেই শরীর ভালো থাকবে, এই ধারণাটা এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার একটি মর্মান্তিক ঘটনা আপাতত সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। ভেজাল দুধ খেয়ে একসঙ্গে ১৩ জনের মৃত্যু আর অনেকের হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, দুধের আড়ালে লুকিয়ে আছে মারণ বিষ। শহর হোক বা গ্রাম, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দুধে চকের গুঁড়ো, ইউরিয়া থেকে শুরু করে ডিটারজেন্টের মতো ভয়ঙ্কর সব রাসায়নিক মিশিয়ে দিচ্ছে। যা খেয়ে কেবল বড়রা নয়, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ছোট ছোট শিশুদের লিভার ও কিডনি।

আপনার রান্নাঘরে আসা দুধের প্যাকেট বা গয়লার দেওয়া দুধ কি সত্যিই নিরাপদ? ফাসি (FSSAI) এবং পুষ্টিবিদদের মতে, চোখ বুজে ভরসা না করে ছোট ছোট কয়েকটি ঘরোয়া পরীক্ষার মাধ্যমে আপনি নিজেই যাচাই করতে পারবেন দুধ খাঁটি কিনা।

স্টার্চ বা ভাতের ফ্যান আছে কি?

দুধের ঘনত্ব বাড়াতে অসাধু ব্যবসায়ীরা হামেশাই স্টার্চ বা মাড় মেশায়। এটি পরীক্ষা করার জন্য দুধ প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর একটি পাত্রে ২-৩ মিলিলিটার দুধ নিয়ে তাতে দু-এক ফোঁটা আয়োডিন সলিউশন মেশান। যদি দেখেন দুধের রং নীলচে হয়ে গিয়েছে, তবে নিশ্চিত থাকুন এতে স্টার্চ মেশানো রয়েছে। খাঁটি দুধ হলে রং বদলাবে না।

ডিটারজেন্ট মেশানো থাকলে বুঝবেন কীভাবে?

দুধে ফেনা বেশি দেখানোর জন্য অনেক সময় সার্ফ বা ডিটারজেন্ট ব্যবহার করা হয়। একটি কাঁচের শিশিতে অল্প দুধ নিয়ে জোরে জোরে ঝাঁকান। যদি ঘন ফেনা তৈরি হয় এবং অনেকক্ষণ সেই ফেনা থিতু না হয়, তবে বুঝবেন ওই দুধে ডিটারজেন্ট মেশানো আছে। খাঁটি দুধে ঝাঁকানোর পর সামান্য বুদবুদ তৈরি হলেও তা দ্রুত মিলিয়ে যায়।

ইউরিয়ার উপস্থিতি যাচাই

ইউরিয়া মেশানো দুধ দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ। এর পরীক্ষা একটু আলাদা। আধ চামচ দুধে এক চামচ সয়াবিন পাউডার বা অড়হরের ডাল গুঁড়ো মিশিয়ে ৫ মিনিট রাখুন। এবার একটি লাল লিটমাস পেপার তাতে ডুবিয়ে দিন। যদি লাল লিটমাস নীল হয়ে যায়, তবে বুঝবেন ওই দুধে ইউরিয়া মিশে আছে।

স্লিপ টেস্ট

দুধে জল মেশানো আছে কি না বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটি চকচকে পাথরের ঢালু তলে বা টাইলসের ওপর এক ফোঁটা দুধ ফেলুন। খাঁটি দুধ হলে তা খুব ধীরে গড়িয়ে নামবে এবং পিছনে একটি সাদা দাগ বা রেখা রেখে যাবে। কিন্তু যদি জল মেশানো থাকে, তবে তা দ্রুত গড়িয়ে যাবে এবং কোনও দাগ থাকবে না।

গন্ধেও চেনা যায় আসল রূপ

দুধ গরম করার সময় যদি চটচটে ভাব অনুভব করেন বা হাতের আঙুলে ঘষলে সাবানের মতো পিচ্ছিল মনে হয়, তবে সেই দুধ এড়িয়ে চলাই ভালো। সিন্থেটিক দুধ চেনার অন্যতম লক্ষণ হলো এটি স্বাদে তিতা হয় এবং দীর্ঘক্ষণ রাখলে হলদেটে হয়ে যায়। দুধ কেনার আগে যাচাই করে নিন, কারণ একদিনের অবহেলা ডেকে আনতে পারে বড় বিপর্যয়।

Follow Us