National Mango Day: আমের আবার ‘ল্যাংড়া’ আর ‘চৌসা’! নাম শুনে হাসি পায়? ইতিহাসটা জানেন তো?
National Mango Day 2026: যাকে নিয়ে এত মাতামাতি, সেই আমের নাম কেন হঠাৎ 'ল্যাংড়া' বা 'চৌসা' হতে গেল? মিষ্টি স্বাদের আড়ালে লুকিয়ে থাকা সেই চমকপ্রদ ইতিহাস কিন্তু আপনাকে অবাক করবেই! আজ জাতীয় আম দিবসে জানুন, ল্যাংড়া ও চৌসা আমের এই বিচিত্র নামকরণের আসল সত্যিটা কী!

ফলের রাজা আম (Mango), আর সেই রাজার রাজত্বে যদি ল্যাংড়া (Langra) কিংবা চৌসার (Chausa) মতো পদবীর প্রজা থাকে, তবে স্বাদের গল্প জমে উঠতে বাধ্য! গ্রীষ্মের তীব্র তাপে একফালি ঠান্ডা আমের রসাল কামড় যেন স্বর্গীয় অনুভূতি। আজ ২২ জুলাই, জাতীয় আম দিবস (National Mango Day)। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, যে ফলের গন্ধে আর স্বাদে গোটা দুনিয়া মাতোয়ারা, তার জাতগুলোর এমন অদ্ভুত নাম কেন? ল্যাংড়া কিংবা চৌসা, এই নামগুলোর পেছনে রয়েছে কয়েকশো বছরের পুরনো ইতিহাস আর যুদ্ধের গল্প।
প্রায় পাঁচ হাজার বছর ধরে ভারতের মাটিতে আমের চাষ হয়ে আসছে। পৃথিবীর মোট আম উৎপাদনের প্রায় অর্ধেক একাই জোগায় আমাদের দেশ। প্রাচীনকালে দক্ষিণ ভারতে একে বলা হতো ‘মাঙ্গা’ বা ‘আমকায়’। সেখান থেকে ১৪৯৮ সালে পর্তুগিজ বণিকদের হাত ধরে শব্দটি রূপান্তরিত হয়ে বিশ্বজুড়ে ‘ম্যাঙ্গো’ নামে পরিচিতি পায়। মোগল আমলেও আমের কদর কিছু কম ছিল না। তোতাপুরী থেকে শুরু করে কেশর, নানা পদের আমে সেজে উঠত রাজদরবার। পরে ১৭০০ সাল নাগাদ ভারতীয় আম পাড়ি জমায় বিদেশেও।
তবে আমপ্রেমীদের মনে সবচেয়ে বেশি কৌতুহল জাগায় ল্যাংড়া ও চৌসা নাম দুটি নিয়ে। ল্যাংড়া আমের মিঠে-কড়া স্বাদের অনুরাগী অসংখ্য। লোককথা বলে, বারাণসীর এক বিকলাঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী কৃষক প্রথম এই বিশেষ জাতের আমের চাষ শুরু করেছিলেন। তার সেই নাম থেকেই নাকি লোকমুখে আমটির পরিচয় হয়ে যায় ‘ল্যাংড়া’।
অন্যদিকে, চৌসা আমের নামটির পেছনে রয়েছে একদম ঐতিহাসিক যুদ্ধের গল্প। ১৫৩৯ সালে বিহারের ‘চৌসা’ নামক স্থানে আফগান শাসক শেরশাহ সুরির সঙ্গে মোগল সম্রাট হুমায়ুনের এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধে বিজয়ী হয়ে শেরশাহ সুরি উল্লাসে মেতে ওঠেন এবং এক বিশেষ জাতের সুস্বাদু আম খেয়ে সেই জয় উৎযাপন করেন। সেই অঞ্চলের স্মৃতি ও ঐতিহাসিক জয়ের প্রতীক হিসেবেই ওই আমটির নাম রাখা হয় ‘চৌসা’।আজ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরপ্রদেশ কিংবা বিহার, ভারতের প্রতিটি কোণায় রাজত্ব করছে নিজস্ব সব জাত। আম শুধু একটি ফল নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের গল্প।
