অগোছালো ফ্রিজেই বাড়বে বিদ্যুতের বিল! পকেট বাঁচাতে মেনে চলুন এসব টিপস
বেশিমাত্রায় অগোছালো ভাবে ফ্রিজে জিনিস রাখলে হাতের বাইরে যাবে ইলেকট্রিক বিল। তাই পকেট বাঁচাতে ফ্রিজকে রাখুন গুছিয়ে। রইল তারই টিপস।

ইতিমধ্য়েই শীত টা টা বাই বাই করতে শুরু করে দিয়েছে। তাই এবার ফ্রিজের দিকে এবার একটু সচেতন নজর দেওয়ার দিন এসেছে। কেননা, গরম পড়লেই ফ্রিজ উপচে পড়বে নানা জিনিসপত্র। কিন্তু জানেন কি? বেশিমাত্রায় অগোছালো ভাবে ফ্রিজে জিনিস রাখলে হাতের বাইরে যাবে ইলেকট্রিক বিল। তাই পকেট বাঁচাতে ফ্রিজকে রাখুন গুছিয়ে। রইল তারই টিপস।
প্রথমেই জেনে রাখুন, ফ্রিজের একেবারেই টপ শেলফ ফ্রিজের সবচেয়ে উষ্ণ অংশ। মাঝের বা নিচের শেলফটা অপেক্ষাকৃত ঠান্ডা। আর থাকে ডিপ ফ্রিজ, যা ফ্রিজের সবচেয়ে ঠান্ডা জায়গা।
বাজার থেকে ফল কিনে আনার পর আমরা প্রায়ই দুটো কাজ করি। প্রথমত, সরাসরি কাগজের প্যাকেটসহ ফ্রিজে ঢুকিয়ে রাখি। দ্বিতীয়ত, খোলা অবস্থায় রেখে দেই। অনেকে পলিথিনসহ ফ্রিজের ভেতর সব রেখে দেন। এই কাজগুলোর কোনোটাই করা উচিত নয়। বরং একটা ছোট্ট ঝুড়ি নিয়ে তার মধ্যে ফল রাখুন। ফল, মিষ্টি, ডিম এসব সংরক্ষণ করার সবচেয়ে ভালো উপায় কন্টেইনার বা বক্স ব্যবহার করা।
বিভিন্ন সস সংরক্ষণের জন্য স্বচ্ছ বোতল ব্যবহার করতে পারেন। তাহলে কোন বোতলে কী রাখা আছে সহজেই চোখে পড়বে। এতে ফ্রিজ গোছানোও থাকবে।
সবজি আর ফলের জন্য আলাদা কন্টেইনার না নিয়ে শেলফ আলাদা করে নিন। নিচের শেলফ যেহেতু সবজির জন্য বরাদ্দ তাই এর ঠিক উপরের তাকেই যাবতীয় ফল রাখতে পারেন।
সবগুলো বরফের ট্রেতে জল ভরে একসঙ্গে রেখে দিন। বরফ হল কিনা বার বার ফ্রিজের দরজা খুলে দেখবেন না। আইসক্রিম এমনি সেলফে না রেখে ডিপ ফ্রিজেই রাখার চেষ্টা করুন।
