
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতেই তার আঁচ এসে লেগেছে মধ্যবিত্তের হেঁশেলে। একদিকে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, অন্যদিকে জোগানে ঘাটতির আশঙ্কা— সব মিলিয়ে আমজনতার পকেটে টান পড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই খুঁজছেন এলপিজি (LPG)-র বিকল্প। তবে চিন্তা নেই, স্মার্ট প্রযুক্তির জমানায় গ্যাস সিলিন্ডার ছাড়াও রান্নাঘর সচল রাখার একাধিক উপায় এখন হাতের মুঠোয়।
বর্তমান পরিস্থিতিতে রান্নাঘরের ভোল বদলে দিতে পারে এই পাঁচটি ইলেকট্রনিক গ্যাজেট।
ইন্ডাকশন কুকটপ (Induction Cooktop)
শহরাঞ্চলে রান্নার গ্যাসের প্রধান বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকটপ দারুণ জনপ্রিয়। এটি সম্পূর্ণ বিদ্যুতের সাহায্যে চলে এবং তড়িৎ-চৌম্বকীয় পদ্ধতিতে সরাসরি পাত্র গরম করে। ফলে রান্নায় সময় কম লাগে এবং জ্বালানি সাশ্রয় হয়। সাধারণত ২ থেকে ৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ইন্ডাকশন কুকটপ বাজারে পাওয়া যায়। বিশেষ করে যাঁরা একা থাকেন বা হোস্টেলে থাকেন, তাঁদের জন্য এটি সবথেকে বেশি সুবিধাজনক।
ইনফ্রারেড কুকটপ (Infrared Cooktop)
ইন্ডাকশন কুকটপের সীমাবদ্ধতা হল এতে সব ধরনের বাসন ব্যবহার করা যায় না। কিন্তু ইনফ্রারেড কুকটপ সেই সমস্যার সমাধান করে দিয়েছে। এতে কাঁচের প্লেট গরম হয়ে তাপ উৎপন্ন হয়, যার ফলে স্টিল, অ্যালুমিনিয়াম, তামা এমনকি মাটির পাত্রেও রান্না করা সম্ভব। বহুমুখী ব্যবহারের জন্য অনেকেই এখন একে বেশি পছন্দ করছেন।
ইলেকট্রিক প্রেশার কুকার
ব্যাচেলর বা অফিসযাত্রীদের কাছে এটি আদর্শ। এই মাল্টি-কুকারে ভাত, ডাল থেকে শুরু করে সবজি বা স্যুপ— সবকিছুই এক লহমায় তৈরি হয়ে যায়। এতে টাইমার এবং অটো-কুকিং মোড থাকায় খাবার পুড়ে যাওয়ার ভয় থাকে না। গ্যাস সাশ্রয়ের পাশাপাশি এটি সময়েরও সাশ্রয় করে।
কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন
অনেকেই মনে করেন মাইক্রোওয়েভ শুধু খাবার গরম করার যন্ত্র। কিন্তু আধুনিক কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে বেকিং এবং গ্রিলিংয়ের পাশাপাশি সম্পূর্ণ রান্নাও করা সম্ভব। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এটি রান্নার গ্যাসের উপর চাপ অনেকটাই কমিয়ে দেয়।
এয়ার ফ্রায়ার (Air Fryer)
তেল ছাড়া বা খুব সামান্য তেলে ভাজাপুজি করার জন্য এয়ার ফ্রায়ার এখন গৃহিণীদের প্রথম পছন্দ। তবে শুধু ভাজাই নয়, এখনকার উন্নত মডেলগুলিতে রোস্টিং এবং বেকিংয়ের সুবিধাও থাকছে। পনির বা মাছ-মাংসের বিভিন্ন পদ তৈরিতে এটি গ্যাসের বিকল্প হিসেবে চমৎকার কাজ করে।
তবে মনে রাখতে হবে, বৈদ্যুতিক কুকটপ বা গ্যাজেট ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। হাই ভোল্টেজের এই যন্ত্রগুলি ব্যবহারের সময় সর্বদা পাওয়ার সকেট ব্যবহার করা উচিত। রান্নার সময় জল থেকে সাবধান থাকা এবং রান্না শেষ হওয়ার পর কুলিং ফ্যান বন্ধ না হওয়া পর্যন্ত প্লাগ না খোলা বুদ্ধিমত্তার কাজ।
গ্যাস ছাড়া হয়তো পুরোপুরি চলা সম্ভব নয়, তবে এই স্মার্ট গ্যাজেটগুলি সঙ্গে থাকলে এলপিজি-র ঘাটতি বা চড়া দামের মাঝেও আপনার হেঁশেল থাকবে একদম নিশ্চিন্ত।