যুবসাথীর টাকা ঢুকেছে? জেনে নিন কোথায় কোথায় করবেন বিনিয়োগ
আজকের ১৫০০ টাকা দিয়ে আপনি যা কিনতে পারছেন, ৫ বছর পর তা পারবেন না। অর্থাৎ, টাকা ব্যাঙ্কে ফেলে রাখলে বা খরচ করলে তার ভ্যালু বা মূল্য কমছে। এই টাকাটিকে যদি আপনি কোনও সম্পদে রূপান্তর করতে পারেন, তবেই তা ভবিষ্যতে আপনার কাজে আসবে।

পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ‘যুবশ্রী’ প্রকল্পের মাসিক ১৫০০ টাকা। মাসের মাঝামাঝি সময়ে এই টাকা হাতে আসায় অনেকেরই সুরাহা হয়েছে ঠিকই, কিন্তু এই টাকা খরচ করবেন নাকি জমাবেন, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। বর্তমানের আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির বাজারে ১৫০০ টাকা খুব একটা বড় অঙ্ক মনে না হলেও, অর্থনীতির ‘কম্পাউন্ডিং’ বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক বলছে— এই সামান্য টাকা দিয়েই শুরু করতে পারেন আপনার বড় কোনও স্বপ্নপূরণের যাত্রা।
কেন জমানো প্রয়োজন?
আজকের ১৫০০ টাকা দিয়ে আপনি যা কিনতে পারছেন, ৫ বছর পর তা পারবেন না। অর্থাৎ, টাকা ব্যাঙ্কে ফেলে রাখলে বা খরচ করলে তার ভ্যালু বা মূল্য কমছে। এই টাকাটিকে যদি আপনি কোনও সম্পদে রূপান্তর করতে পারেন, তবেই তা ভবিষ্যতে আপনার কাজে আসবে।
কী কী উপায় বিনিয়োগ করতে পারবেন?
শেয়ার বাজার(Stock Market):
আপনার যদি একটু সাহস থাকে, তবে সরাসরি নামী দামী কোম্পানির শেয়ার বা অংশীদার হতে পারেন। ভারতের বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস (TCS) কিংবা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের মতো বড় শেয়ারে অল্প অল্প করে টাকা রাখা যেতে পারে। ৫-১০ বছরের লক্ষ্য নিয়ে নামলে এখান থেকে যে রিটার্ন পাওয়া যায়, তা অন্য কোথাও মিলবে না। তবে মনে রাখবেন, এখানে ঝুঁকি একটু বেশি।
মিউচুয়াল ফান্ড বা এসআইপি (SIP)
বিনিয়োগের দুনিয়ায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম এসআইপি। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কোনও ভালো ফান্ডে জমা করাকে বলা হয় এসআইপি। আপনি যদি যুবশ্রীর ১৫০০ টাকা থেকে মাত্র ১০০০ টাকা সরিয়ে প্রতি মাসে একটি ভালো ‘ইনডেক্স ফান্ডে’ জমা করেন, তবে ১২% বার্ষিক রিটার্ন হিসেবে ধরা হলে ৫ বছর পর আপনার হাতে থাকবে প্রায় ৮২,০০০ টাকা। ১০ বছর পর এই অঙ্কটাই বেড়ে দাঁড়াবে প্রায় ২.৩ লক্ষ টাকা। যেখানে আপনার পকেট থেকে জমা হচ্ছে মাত্র ১.২ লক্ষ টাকা, কিন্তু কম্পাউন্ডিংয়ের ফলে তা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। ডিজিটাল বেশ কিছু অ্যাপের মাধ্যমে এখন ঘরে বসেই এটি শুরু করা যায়।
সোনা (Gold):
সোনা মানেই গয়না গড়িয়ে আলমারিতে তালাবন্ধ করে রাখার দিন শেষ। এখন আপনি ‘ডিজিটাল গোল্ড’ কিংবা রিজার্ভ ব্যাঙ্কের ‘সোভারেন গোল্ড বন্ডে’ বিনিয়োগ করতে পারেন। এটি বাজারের সমস্যা থেকে আপনার টাকাকে সুরক্ষিত রাখে এবং দীর্ঘমেয়াদে দারুণ লাভ দেয়।
নিরাপদ সরকারি সঞ্চয় (PPF বা RD):
যারা শেয়ার বাজারের ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য সেরা বিকল্প হল পোস্ট অফিস বা ব্যাঙ্কের সেভিংস স্কিম।
পিপিএফ (PPF): বর্তমানে এক্ষেত্রে ৭.১% সুদ পাওয়া যায়। প্রতি মাসে ১০০০ টাকা করে জমালে ১৫ বছর পর আপনি প্রায় ৩.২৫ লক্ষ টাকা পাবেন। এটি সম্পূর্ণ করমুক্ত এবং সরকারিভাবে সুরক্ষিত।
আরডি (RD): আপনি যদি আগামী ৩-৪ বছরের মধ্যে কোনও ছোট ব্যবসা শুরু করতে চান, তবে মাসে ১৫০০ টাকাই আরডিতে জমান। মেয়াদ শেষে যে মোটা অঙ্কটা পাবেন, তা দিয়ে ছোট কোনও স্টল বা অনলাইন ব্যবসার মূলধন জোগাড় হয়ে যাবে।
রিয়েল এস্টেট (Real Estate):
হয়তো ভাবছেন ১৫০০ টাকায় জমি কেনা কি সম্ভব? সরাসরি না হলেও, এই টাকা নিয়মিত জমিয়ে যদি বড় একটা পুঁজি তৈরি করেন, তবে ভবিষ্যতে কোনও ল্যান্ড বা প্রপার্টিতে বিনিয়োগ করার কথা ভাবা যেতে পারে। জমি বা ফ্ল্যাট থেকে আসা মাসিক ভাড়া আপনার উপার্জনের একটি স্থায়ী রাস্তা তৈরি করে দেবে।
যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বেকার যুবক-যুবতীদের নিজেদের কর্মসংস্থানের জন্য যোগ্য করে তোলা। তাই এই টাকাটা নিছক খরচ না করে নিজের ভবিষ্যতের জন্য একটি ‘ইমার্জেন্সি ফান্ড’ হিসেবে কাজে লাগান। আপনি যদি আজ থেকে এই অভ্যাস শুরু করেন, তবে কয়েক বছর পর যখন আপনার স্থায়ী চাকরি হবে, ততদিনে আপনার হাতে একটি বড় পুঁজি তৈরি হয়ে যাবে।
