
দৈনন্দিন জীবনে একে অপরের জিনিস আদান-প্রদান করাটা খুব সাধারণ একটা বিষয়। বন্ধুর পেন দিয়ে সই করা কিংবা প্রিয়জনের ঘড়িটা একবার ট্রায়াল দেওয়া—এর মধ্যে কেউই বিশেষ কোনও দোষ খুঁজে পান না। কিন্তু জানেন কি, এই অভ্যাসই আপনার জীবনে ডেকে আনতে পারে ঘোর অমঙ্গল? বাস্তুশাস্ত্র বলছে, প্রতিটি মানুষের শরীরে একটি নিজস্ব শক্তি বা এনার্জি থাকে। যখন কেউ কোনও বস্তু ব্যবহার করেন, তখন তাঁর সেই এনার্জি ওই বস্তুর সঙ্গে জড়িয়ে যায়। ফলে অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করলে তাঁর নেতিবাচক প্রভাব আপনার ওপর পড়তে পারে। কোন ৬টি জিনিস ব্যবহারের ক্ষেত্রে আপনাকে চরম সতর্ক থাকতে হবে? জেনে নিন বিশদে।
অন্যের বিছানায় গা এলিয়ে দেওয়া অনেকেরই অভ্যাস। কিন্তু বাস্তু মতে, অন্যের বিছানা ব্যবহার করলে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। যদি সেই ব্যক্তির জীবনে কোনও আর্থিক অনটন বা মানসিক অশান্তি থেকে থাকে, তবে তা আপনাকেও গ্রাস করতে পারে। নিজের সুখ-শান্তি বজায় রাখতে সর্বদা নিজের বিছানায় শোওয়াই শ্রেয়।
বন্ধুর দামী ঘড়িটা দেখে খুব পছন্দ হয়েছে বলে সেটা নিজের হাতে পরে নিলেন? এই ছোট ভুলটিই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, অন্যের ঘড়ি ব্যবহার করলে কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়। এমনকি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
কারও জামা বা পোশাক ধার করে পরা অনেকেরই স্বভাব। কিন্তু এতে অজান্তেই অন্যের রোগ-ব্যাধি বা অশুভ শক্তি আপনার শরীরে প্রবেশ করতে পারে। শাস্ত্র অনুযায়ী, অন্যের পোশাক পরলে তাঁর জীবনের সমস্যাগুলো আপনার জীবনেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে অশুভ সময়ে অন্যের পোশাক পরা একেবারেই অনুচিত।
সামান্য একটা রুমাল থেকে বিবাদ হতে পারে? বাস্তুশাস্ত্র বলছে, হ্যাঁ! অন্যের রুমাল ব্যবহার করলে বা নিজের রুমাল কাউকে দিলে দু’জনের মধ্যে সম্পর্কের তিক্ততা বাড়ে। এমনকি এর ফলে তুচ্ছ কারণে বড় ধরনের ঝামেলা বেঁধে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়।
অফিসে বা ব্যাঙ্কে গিয়ে অন্যের পেন নিয়ে কাজ সেরে তা নিজের পকেটে ভরে নেওয়ার অভ্যাস অনেকেরই আছে। এই অভ্যাস কিন্তু আপনার জন্য মোটেও ভালো নয়। এতে শুধু যে লোকসমাজে ছোট হতে হয় তা-ই নয়, আপনার আর্থিক উন্নতির পথও রুদ্ধ হয়ে যেতে পারে।
টাকা ধার নিয়ে তা শোধ না করার প্রবণতা অত্যন্ত অশুভ। শুধু নৈতিকভাবেই নয়, বাস্তু মতেও এটি আপনার জন্য চরম ক্ষতিকর। বলা হয়, অন্যের টাকা আত্মসাৎ করলে বা সময়মতো ফেরত না দিলে দীর্ঘমেয়াদী আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন আপনি।
তাই জীবনে মানসিক শান্তি ও আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে অন্যের এই জিনিসগুলো ব্যবহারের আগে অন্তত দু’বার ভাবুন। ছোট ছোট এই সচেতনতাই আপনার ভাগ্য বদলে দিতে পারে।