AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chhath Puja: ছটী মাইয়া আসলে কে, জানেন? কেন ছট পুজো করা হয়?

Chhat Puja History: ছট পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাবনাও। সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। অন্যদিকে জলও জীবনের অন্যতম প্রধান উপাদান। তাই ছট পুজোয় সূর্যদেব ও জলাশয়ের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ রীতি প্রচলিত।

Chhath Puja: ছটী মাইয়া আসলে কে, জানেন? কেন ছট পুজো করা হয়?
কেন ছট পুজো করা হয়?Image Credit: Pexels
| Updated on: Nov 15, 2026 | 12:07 PM
Share

ছট পুজো মানেই সূর্যদেবের আরাধনা। দেশ জুড়ে বহু মানুষ ছট পুজো করেন। তবে এই উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ছটি মাইয়ার পুজোও। কে এই ছটি মাইয়া জানেন?

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়া সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সন্তান লাভের আশীর্বাদ দেন। বিশেষ করে সন্তানদের মঙ্গল, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বহু মহিলা নিষ্ঠার সঙ্গে ছটের ব্রত পালন করেন। লোকবিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়াকে উষা দেবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। উষা হলেন সূর্যদেবের পত্নী এবং ভোরের আলোর প্রতীক। তিনি নতুন জীবন, সৃষ্টির শক্তি এবং পৃথিবীকে লালন-পালন করার শক্তির প্রতীক হিসেবে পরিচিত। ছট পুজোয় তাই সূর্যদেবের পাশাপাশি ছটী মাইয়ার আরাধনাও বিশেষ গুরুত্ব পায়। ভারতের প্রাচীন বৈদিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে।

 ছট মাইয়ার কাহিনি-

ছট মাইয়াকে নিয়ে প্রচলিত একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনি রয়েছে। সেই কাহিনি অনুযায়ী, রাজা প্রিয়ব্রত ও তাঁর স্ত্রী রানি মালিনী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের আশায় তাঁরা নানা ধর্মীয় আচার পালন করতেন। অবশেষে রানির কোলে সন্তান এলেও জন্মের পরই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় রাজপরিবারে নেমে আসে গভীর শোক।

সন্তান হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েন রাজা ও রানি। শোকে কাতর রাজা প্রিয়ব্রত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন। তাঁর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ছটী মাইয়া আবির্ভূত হন। কথিত আছে, দেবী নিজের অলৌকিক শক্তিতে মৃত শিশুটিকে পুনর্জীবন দান করেন। এরপর থেকেই রাজপরিবারে ফিরে আসে সুখ ও শান্তি। এই কাহিনি থেকেই সন্তান জন্মের ষষ্ঠ দিনে ছটী মাইয়ার আরাধনার বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে বলে লোকবিশ্বাস। বাংলায় এটি ষষ্ঠীপুজো হিসাবেও পরিচিত।

 কীভাবে শুরু হল ছট মাইয়ার পুজো?

প্রচলিত কাহিনি অনুযায়ী, রাজা প্রিয়ব্রত ও রানি মালিনীকে ছটী মাইয়াই তাঁর পুজোর নিয়মের কথা জানান। দেবীর নির্দেশ মেনে রানি নিষ্ঠার সঙ্গে পুজো করেন। এরপর তাঁর কোলে সুস্থ সন্তানের জন্ম হয় বলে কাহিনিতে উল্লেখ রয়েছে। এই অলৌকিক ঘটনার স্মৃতি থেকেই ছটী মাইয়ার আরাধনা ছড়িয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও শুদ্ধ মনে ছটী মাইয়ার পুজো করলে সন্তান লাভের পাশাপাশি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার আশীর্বাদ মেলে।

 সন্তান জন্মের ষষ্ঠ দিনে ছটী মাইয়ার পুজো কেন করা হয়?

হিন্দু লোকাচারে সন্তান জন্মের ষষ্ঠ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই ছটী মাইয়া নবজাতকের ভাগ্য নির্ধারণ করেন। শিশুর ভবিষ্যৎ ও জীবনযাত্রার পথ তিনি লিখে দেন বলেও লোকবিশ্বাস রয়েছে। সেই কারণেই সন্তানের জন্মের ষষ্ঠ দিনে অনেক পরিবারে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়। নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে দেবীর কাছে প্রার্থনা করেন পরিবারের সদস্যরা।

 ছট পুজোর চার দিনের নিয়ম ও মাহাত্ম্য-

ছট পুজো সাধারণত চার দিন ধরে পালিত হয়। প্রতিটি দিনের নিজস্ব নিয়ম ও ধর্মীয় তাৎপর্য রয়েছে।

১. নহায়-খায়: ছট পুজোর প্রথম দিনকে বলা হয় নহায়-খায়। এই দিন ব্রত পালনকারীরা পবিত্র জলাশয়ে স্নান করে শুদ্ধাচার পালন করেন। এরপর নিরামিষ খাবার গ্রহণ করেন। এই দিন থেকেই মূলত ব্রতের প্রস্তুতি শুরু হয়।

২. লোহান্ডা ও খরনা: ছটের দ্বিতীয় দিন পালিত হয় খরনা। সারাদিন উপবাস করার পর সন্ধ্যায় পুজো করে গুড়ের পায়েস, রুটি-সহ বিভিন্ন প্রসাদ গ্রহণ করেন ব্রতীরা। এরপর শুরু হয় কঠিন নির্জলা উপবাস। এই সময়ে জল পর্যন্ত পান করেন না ব্রতীরা।

৩. সন্ধ্যা অর্ঘ্য: তৃতীয় দিন ছট পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব। এই দিন নদী, পুকুর বা অন্য কোনও জলাশয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। বাঁশের ডালা বা ঝুড়িতে ফল, আখ, নারকেল, ঠেকুয়া সহ নানা ধরনের প্রসাদ সাজিয়ে সূর্যদেব ও ছটী মাইয়ার উদ্দেশে নিবেদন করা হয়।

৪. ঊষা অর্ঘ্য: ছটের চতুর্থ দিন ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। সূর্যের প্রথম আলোকে স্বাগত জানিয়ে প্রার্থনা করেন ব্রতীরা। এই পর্বের মধ্য দিয়েই ছটের ব্রত সম্পূর্ণ হয়। এরপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙেন তাঁরা।

ছট পুজোর তাৎপর্য কী?

ছট পুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতি ও জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাবনাও। সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। অন্যদিকে জলও জীবনের অন্যতম প্রধান উপাদান। তাই ছট পুজোয় সূর্যদেব ও জলাশয়ের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ রীতি প্রচলিত।

এই উৎসবের একটি বিশেষ দিক হল, এখানে অস্তগামী এবং উদীয়মান—দুই সূর্যকেই অর্ঘ্য দেওয়া হয়। এর মধ্যে জীবনের প্রতিটি পর্যায়কে সম্মান জানানোর বার্তা রয়েছে বলে মনে করা হয়। শুধু সাফল্য বা উত্থান নয়, জীবনের অস্ত ও কঠিন সময়কেও মেনে নেওয়ার শিক্ষা দেয় এই রীতি। ছটের ব্রত পালনের মাধ্যমে আত্মসংযম, শুদ্ধতা, ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দেন ভক্তরা। দীর্ঘ সময় উপবাস করা এবং জলাশয়ে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশে প্রার্থনা করার মধ্যে রয়েছে গভীর ভক্তির প্রকাশ।

সন্তান ও পরিবারের রক্ষাকর্ত্রী ছটী মাইয়া-

ভক্তদের বিশ্বাস, ছটী মাইয়া শিশুদের অশুভ শক্তি ও বিপদ থেকে রক্ষা করেন। বিশেষ করে মায়েরা সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরিবারের সুখ-শান্তি কামনায় এই ব্রত পালন করেন। দেবীর কাছে প্রার্থনা করেন পরিবারের প্রতিটি সদস্যের মঙ্গল ও সমৃদ্ধির জন্য।

ছট পুজোর সন্ধ্যা ও ভোরের অনুষ্ঠানে ছটী মাইয়ার উদ্দেশে বিশেষ আরতি ও ভক্তিগীতি গাওয়া হয়। আরতির মাধ্যমে দেবীর কাছে স্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সন্তানদের মঙ্গল কামনা করেন ভক্তরা।

Follow Us