
নক্ষত্রলোকের খেলায় এবার বড়সড় ওলটপালট হতে চলেছে। জ্য়োতিষমতে মহাকাশের দুই প্রভাবশালী সদস্য— বুধ আর মঙ্গল—একই সঙ্গে জোট বাঁধতে চলেছে রেবতী নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্রের হিসেবে এই মিলন মোটেও সাধারণ নয়। একদিকে বুদ্ধির প্রতীক ‘বুধ’, আর অন্যদিকে অদম্য সাহস আর জেদের প্রতীক ‘মঙ্গল’। আগামী ২২ এপ্রিল বুধের রেবতী নক্ষত্রে প্রবেশের ঠিক ৪৮ ঘণ্টা পরেই সেখানে হানা দেবে মঙ্গল। আর এই দুই বিপরীত শক্তির যুগলবন্দিতেই কপাল খুলতে চলেছে চার রাশির জাতক-জাতিকার।
দেখে নিন বৈশাখী ঝড়ের আগেই আপনার জীবনে সাফল্যের হাওয়া বইবে কি না:
মেষ রাশি:
মেষ রাশির জন্য এই সময়টা অনেকটা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার মতো। জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের তেজ আর বুধের বিচক্ষণতা আপনার মধ্যে এমন এক ভারসাম্য তৈরি করবে যে, শত্রু পক্ষ আপনার ধারেকাছে ঘেঁষতে ভয় পাবে। অনেক দিন ধরে পাওনা টাকা আদায়ের জন্য যারা হন্যে হয়ে ঘুরছিলেন, তাঁদের পকেটে এবার টানটান নোটের বান্ডিল আসার সময় হয়েছে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া ঝুঁকিগুলোই এবার লাভের মুখ দেখাবে।
মিথুন রাশি:
আপনার হাতে যদি আলাদিনের প্রদীপ না-ও থাকে, তাতেও কুছ পরোয়া নেই! কারণ এই এপ্রিলের শেষ থেকে আপনার বাচনভঙ্গিই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। বিশেষ করে যাঁরা সৃজনশীল কাজ বা বিপণনের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টা স্বপ্নের মতো। নতুন কোনও বড় ডিল বা প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপার্জনের রাস্তা এবার একটা নয়, বরং একাধিক দিক থেকে খুলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে নক্ষত্ররা।
বৃশ্চিক রাশি:
নিজের একটা মাথার ওপর ছাদ বা এক চিলতে জমি- যাঁদের এই স্বপ্ন দীর্ঘদিনের, তাঁদের জন্য সুখবর। এই মহাজাগতিক সংযোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য আশীর্বাদ হয়ে আসছে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বিনিয়োগ থেকে মোটা অঙ্কের রিটার্ন যেমন মিলবে, তেমনই সামাজিক প্রতিপত্তিও এক লাফে কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা। পরিবারের কোনও পুরনো বিবাদ মিটে গিয়ে মানসিক শান্তি ফেরার সম্ভাবনাও রয়েছে।
মীন রাশি:
যেহেতু পুরো খেলাটাই রেবতী নক্ষত্রে ঘটছে, আর সেই নক্ষত্রের ঘর হল মীন রাশি- তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এঁরাই। আপনার ভেতরের আত্মবিশ্বাস এবার আকাশছোঁয়া হবে। যে কোনও জটিল সমস্যার জট ছাড়াতে আপনিই হবেন সেরা খেলোয়াড়। সবচেয়ে বড় চমক হতে পারে বিদেশ যাত্রা। সেটা ব্যবসার খাতিরেই হোক বা উচ্চশিক্ষার জন্য- পাসপোর্টে স্ট্যাম্প পড়ার দিন ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের গোড়া পর্যন্ত এই চার রাশির সময়টা আক্ষরিক অর্থেই ‘পজিটিভ’। তবে মনে রাখবেন, সুযোগ দরজায় কড়া নাড়লে তাকে কাজে লাগানো কিন্তু আপনার হাতে।