
উৎসবের মরশুম চলছে। দীপাবলির (Diwali) আলোয় চারপাশ সেজে উঠেছে। উৎসবের এই আনন্দ আর আলোর রোশনাইয়ের মাঝেই কিন্তু অনেকের মনে উঁকি দিচ্ছে কেরিয়ার নিয়ে হাজারো প্রশ্ন। এই নভেম্বরে আপনার কর্মজীবনে কি সাফল্যের প্রদীপ জ্বলবে? নাকি কাজের জায়গায় জুটবে শুধুই চিন্তার ভাঁজ? চাকরিজীবীদের পাশাপাশি যাঁরা নতুন কাজের খোঁজ করছেন, তাঁদের মনেও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মাসে ভাগ্য কতটা সঙ্গ দেবে! জ্যোতিষশাস্ত্র বা রাশিফল (Horoscope) বলছে, এই নভেম্বরে গ্রহ ও নক্ষত্রদের অবস্থানে বেশ কিছু বড়সড় বদল হতে চলেছে। আর এই বদলের সরাসরি প্রভাব পড়বে কর্মজীবনে।
জ্যোতিষীদের মতে, এই মাসে মঙ্গল, শুক্র থেকে শুরু করে রবি, একাধিক গ্রহ নিজেদের অবস্থান বদলাচ্ছে। মাসের শুরুতেই কর্কট রাশিতে থাকছে চন্দ্র ও মঙ্গল। এরপর তারা একে একে ঘর বদলাবে। অন্যদিকে, সিংহ রাশিতে অবস্থান করছে কেতু ও বৃহস্পতি। এখানেই শেষ নয়, শুক্রের গতিপথও এই মাসে বেশ কয়েকবার বদলাবে। আর আগামী ১৬ নভেম্বর রবি চলে যাবে বৃশ্চিক রাশিতে। পাশাপাশি রাহু থাকছে কুম্ভ রাশিতে এবং শনি থাকছে মীন রাশিতে। গ্রহদের এই বারবার ঘর বদল আর একে অপরের দিকে দৃষ্টি দেওয়ার ফলে, অফিসে কারও জীবনে আসবে দারুণ সুযোগ, আবার কাউকে পদে পদে সতর্ক থাকতে হবে। জেনে নিন ১২টি রাশির কার কেমন কাটবে এই মাস।
কী বলছেন জ্যোতিষবিদরা?
মেষ, কর্কট, তুলা এবং মকর: মাসের প্রথম ভাগে অফিসে কিছু সমস্যা বা চাপ থাকতে পারে। তবে চিন্তার কোনও কারণ নেই। মাসের দ্বিতীয় ভাগ থেকেই কাজের জায়গায় উন্নতি হবে। পরিশ্রমের সঠিক ফল পাবেন।
বৃষ, বৃশ্চিক, কুম্ভ এবং মীন: এর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা বেশ শুভ। কর্মক্ষেত্রে বড় সাফল্যের মুখ দেখতে পারেন। বিশেষ করে বৃহস্পতির শুভ প্রভাবে বৃষ ও মীন রাশির জাতকরা চাকরিতে দারুণ কোনও সুখবর পেতে পারেন। কুম্ভ রাশির জাতকরাও অফিসে বেশ শুভ ফল পেতে পারেন বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
মিথুন এবং কন্যা: শনি ও রাহুর দৃষ্টির কারণে কাজের জায়গায় কিছু বাধা আসতে পারে। আশা অনুযায়ী ফল পেতে একটু দেরি হতে পারে। তাই ধৈর্য ধরে কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
সিংহ এবং ধনু: শনির দৃষ্টির কারণে অফিসে কিছু সমস্যা আসতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। ধনু রাশির ক্ষেত্রেও কর্মক্ষেত্রে পুরো সফলতা পেতে সামান্য বাধা আসতে পারে। সহকর্মীদের সঙ্গে তর্ক এড়িয়ে চলাই ভালো।
সব মিলিয়ে এই নভেম্বরে কর্মক্ষেত্রে কারও জন্য রয়েছে দারুণ সুযোগ, আবার কারও জন্য রয়েছে সতর্কবার্তা। তবে গ্রহের অবস্থান যাই হোক না কেন, নিজের কাজের প্রতি সৎ থাকলে সাফল্য ঠিকই আসবে।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস এবং সাধারণ রাশিফলের উপর ভিত্তি করে লেখা। ব্যক্তিগত জীবনে এর প্রভাব সকলের ক্ষেত্রে এক রকম নাও হতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।