
কেরিয়ারের ইঁদুরদৌড়ে সকলেই সামিল। কেউ দিনরাত এক করে খাটছেন, কেউ আবার বারবার পেশা বদলে ফেলছেন মনের মতো কাজের খোঁজে। কিন্তু জানেন কি, আপনার জন্মছক বা রাশিফলই বলে দিতে পারে আপনার জন্য কোন কাজটা আদর্শ? মানুষের চিন্তাধারা, পছন্দ-অপছন্দ বা স্বভাবের ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব অনস্বীকার্য। ঠিক যেমন লিব্রা বা তুলা রাশির জাতকরা শান্ত পরিবেশ পছন্দ করেন, আবার লিও বা সিংহ রাশির জাতকরা খোঁজেন কোলাহল। দেখে নিন, আপনার রাশির বিচারে কোন পেশায় লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি।
মেষ (Aries): এই রাশির জাতক-জাতিকারা অন্যের উপকার করতে দারুণ ভালোবাসেন। তাই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো বা উদ্ধারকাজের মতো চ্যালেঞ্জিং পেশা আপনার জন্য সেরা। এতে নিজের মনের আনন্দ যেমন বাড়বে, তেমনই আপনার দক্ষতা মানুষের কাজে আসবে।
বৃষ (Taurus): বৃষ রাশির মানুষেরা বরাবরই খুব হিসেবি হন। অঙ্কের মারপ্যাঁচ বা টাকা-পয়সার হিসেব রাখার কাজে এঁদের জুড়ি মেলা ভার। তাই অ্যাকাউন্টেন্সি বা ব্যাঙ্কিং সেক্টর আপনাদের জন্য আদর্শ হতে পারে।
মিথুন (Gemini): আপনি কি কথা বলতে খুব ভালোবাসেন? চারপাশের খবরাখবর নখদর্পণে থাকে? তাহলে মিথুন রাশির জাতক হিসেবে আপনার জন্য সেরা পেশা হতে পারে সঞ্চালনা (Hosting) বা সাংবাদিকতা। আপনার কথার জাদুতে আপনি সহজেই মানুষকে মুগ্ধ করতে পারবেন।
কর্কট (Cancer): এঁরা বড্ড মায়াবী এবং সেবামূলক মানসিকতার হন। সমাজসেবা বা নার্সিং-এর মতো পেশা কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। মানুষের সেবা করেই আপনি কর্মজীবনে চূড়ান্ত তৃপ্তি ও সাফল্য পাবেন।
সিংহ (Leo): সিংহের মতো রাজকীয় মেজাজ আর অদম্য জেদ আপনার সম্পদ। তাই সাধারণ কোনও ছকে বাঁধা কাজ আপনার জন্য নয়। জনসংযোগ বা পাবলিসিস্ট (Publicist) হিসেবে কাজ করলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন।
কন্যা (Virgo): খুঁতখুঁতে স্বভাব আর সবকিছু বিচার করার ক্ষমতা কন্যা রাশির প্রধান গুণ। তদারকি বা ইনস্পেক্টরের কাজে এরা অপ্রতিদ্বন্দ্বী। যেকোনও বিষয়ের গভীরে গিয়ে ভুলচুক খুঁজে বের করতে এঁদের জুড়ি নেই।
তুলা (Libra): ন্যায়-অন্যায় বোধ আপনার প্রবল। তাই আইন নিয়ে পড়াশোনা করলে বা ওকালতি করলে আপনার সাফল্য অবধারিত। সত্যের পথে লড়াই করাটাই আপনার সহজাত বৈশিষ্ট্য।
বৃশ্চিক (Scorpio): গভীর গবেষণা আর বিজ্ঞানচর্চায় বৃশ্চিক রাশির প্রবল আগ্রহ থাকে। চিকিৎসাবিজ্ঞান বা ডাক্তারি পেশা আপনার জন্য সবথেকে উপযুক্ত। জটিল রোগ নির্ণয় বা গবেষণায় আপনি চমক দেখাতে পারেন।
ধনু (Sagittarius): ধনু রাশির মানুষরা খুবই বাস্তববাদী হন। ভালো পরামর্শ দেওয়ার ক্ষমতা এঁদের জন্মগত। তাই কনসালট্যান্ট বা পরামর্শদাতা হিসেবে কাজ করলে কেরিয়ারে উন্নতি করতে পারবেন আপনি।
মকর (Capricorn): নেতৃত্ব দেওয়ার অদম্য ক্ষমতা আর যুক্তিবাদী মন— এই দুইয়ের মিশেল আপনাকে দক্ষ প্রশাসক করে তুলতে পারে। বড় কোনও সংস্থা বা সরকারি দপ্তরে পরিচালনার দায়িত্বে আপনি সফল হবেনই।
কুম্ভ (Aquarius): কূটনৈতিক বুদ্ধি আপনার প্রবল। তাই রাজনীতির আঙিনায় আপনার পারদর্শিতা ফুটে উঠবে। কেরিয়ার হিসেবে রাজনীতিকে বেছে নিলে আপনার সাফল্যের পথ প্রশস্ত হবে।
মীন (Pisces): আপনি বড্ড সৃজনশীল আর নরম মনের মানুষ। শৈল্পিক ভাবনাচিন্তা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। তাই গান, আঁকা বা যেকোনো সৃজনশীল শিল্পকে পেশা হিসেবে নিলেই আপনি দ্রুত শিখরে পৌঁছতে পারবেন।